সম্প্রতি এদেশের প্রথম সবাক কাহিনিচিত্র ‘মুখ ও মুখোশ’-এর সাত দশক পূর্ণ হলো। আবদুল জব্বার খান পরিচালিত এ সিনেমাটি মুক্তি পেয়েছিল সত্তর বছর আগে—১৯৫৬ সালের ৩ আগস্ট। এই চলচ্চিত্রটির মাধ্যমে এই দেশে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র নির্মাণের সূচনা ঘটেছিল। তাই চলচ্চিত্রটি মুক্তির সাত দশকের এই পরম লগ্নে ‘মুখ ও মুখোশ’-এর নির্মাণের গল্প এখানে তুলে ধরা হলো। লিখেছেন মোমিন রহমান।
এদেশের চলচ্চিত্রের প্রারম্ভিক ইতিহাস বলে—তখন যারা চলচ্চিত্র নির্মাণে এগিয়ে এসেছিলেন, তাদের উদ্দেশ্য মুনাফা অর্জন ছিল না; তারা এই মাধ্যমটির ক্ষমতায় মুগ্ধ হয়ে এ মাধ্যমটিকে ভালোবেসে শিল্প সৃষ্টির আনন্দে মেতেছিলেন। চলচ্চিত্রের সঙ্গে তাদের সম্পৃক্ততার পেছনে সামাজিক তাগিদ ছিল, ছিল একুশ-উত্তর বাঙালি মুসলমানদের আত্মপ্রকাশের আকাঙ্ক্ষা। এমনি একজন আবদুল জব্বার খান। তাঁর নির্মিত ‘মুখ ও মুখোশ’ থেকে এদেশের পূর্ণদৈর্ঘ্য সবাক কাহিনিচিত্রের যাত্রা শুরু।
এক অবাঙালি চলচ্চিত্র ব্যবসায়ীর ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের জবাব হচ্ছে ‘মুখ ও মুখোশ’। ঘটনার সূত্রপাত আজ থেকে সত্তর বছর আগে। ১৯৫৩ সালের জানুয়ারি মাসে কমলাপুর ড্রামাটিক এসোসিয়েশনের সভাপতি আবদুল জব্বার খান ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানের কাছে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের পরিসংখ্যান বিভাগের পরিচালক ডক্টর আবদুস সাদেকের একটি চিঠি গেল। চিঠিতে লেখা ছিল, স্থানীয়ভাবে চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্রশিল্প গড়ে তোলার লক্ষ্যে আলোচনার জন্য ব্যক্তিগতভাবে তিনি চা-চক্রে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছেন। উল্লেখ্য, সেই সময়ে এখানে স্থানীয়ভাবে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র নির্মিত হতো না। সারা দেশে প্রায় ৯৩টি হল ছিল। আর সেসব হলে হিন্দি, উর্দু ও কলকাতার বাংলা ছবি প্রদর্শিত হতো। তো ডক্টর আবদুস সাদেকের আমন্ত্রণে সেই আলোচনা সভায় উপস্থিত হয়ে আবদুল জব্বার খান ও নুরুজ্জামান দেখলেন যে, গোটা চল্লিশেক লোক সেখানে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে নাট্য ও সংস্কৃতিকর্মী ছাড়াও ছিলেন স্থানীয় কয়েকজন প্রদর্শক ও পরিবেশক। তো এমনই একজন অবাঙালি চলচ্চিত্র ব্যবসায়ী দোসানী সাহেব আলোচনার এক পর্যায়ে বললেন, এ দেশের আবহাওয়া চলচ্চিত্র নির্মাণ উপযোগী নয়। এ কথায় আবদুল জব্বার খান আপত্তি জানিয়ে বললেন, এ দেশে অনেক ছবিরই আংশিক শুটিং হয়েছে। পুরো ছবির সঙ্গে তার মানেরও তেমন কোনো তারতম্য লক্ষ করা যায় নি। তাহলে পুরো ছবির শুটিং এখানে কেন করা যাবে না ? কিন্তু দোসানী সাহেব তার সিদ্ধান্তে অটল থেকে জানালেন যে, এ দেশে কোনোভাবেই চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব নয়। তখন ব্যাপারটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আবদুল জব্বার খান বললেন, ড. সাদেক, এক বছরের মধ্যে কেউ যদি ছবি নির্মাণ না করে তাহলে আমি নিজে এ দেশের মাটিতে ছবি নির্মাণ করব।
‘মুখ ও মুখোশ’-এর প্রযোজনা প্রতিষ্ঠান ইকবাল ফিল্ম লিমিটেড। এই প্রতিষ্ঠানটি প্রথম স্থাপিত হয় ভারত বিভাগপূর্ব সময়ে। ১৯৫৩ সালের ২৩ আগস্ট অনুষ্ঠিত একটি সভার মাধ্যমে পুনর্গঠিত ইকবাল ফিল্মসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হন যথাক্রমে এস এ হাসান (বলাকার মালিক) ও নুরুজ্জামান। ডিরেক্টর হন আবদুল জব্বার খান, এম এ মালেক, শহীদুর রহমান, কলিম উদ্দীন আহমেদ ও শহীদুল আলম। সিদ্ধান্ত নেওয়া হয়, এই প্রতিষ্ঠান থেকে প্রামাণ্য চলচ্চিত্র ও কাহিনিচিত্র নির্মাণ করা হবে। ফলশ্রুতিতে একটি পূর্ণদৈর্ঘ্য কাহিনি নির্মাণে উঠে-পড়ে লাগলেন আবদুল জব্বার খান। সেই সময়ে কলকাতার চলচ্চিত্রশিল্পের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন এক ব্যক্তি সরওয়ার সাহেব জানালেন যে, তার কাছে একটি ৩৫ মি.মি. ক্যামেরা আছে। আবদুল জব্বার খান ঠিক করলেন—এই ক্যামেরা দিয়েই ছবি তৈরি করবেন তিনি। কিন্তু একদিন বোম্বে ফেরত কিউ এম জামান জানান দিলেন যে, সরওয়ার সাহেবের ক্যামেরায় কাজ হবে না। তার কথায় জব্বার খানকে গুরুত্ব দিতেই হলো। কেননা জামান কলকাতা ও বোম্বেতে দ্বিতীয় সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। তাই জামানেরই পরামর্শে তাকে সঙ্গে নিয়ে জব্বার খান কলকাতায় গেলেন। তাঁর সঙ্গে ছিল জসীমউদ্দীন-নজরুলের কিছু বই এবং নিজের লেখা ‘ডাকাত’ নাটকের পাণ্ডুলিপি। জামানের সূত্রে পরিচয় হলো প্রখ্যাত চিত্রনাট্যকার মনি বোসের সঙ্গে। তিনি ‘ডাকাত’ নাটকের কাহিনি অবলম্বনে ‘মুখ ও মুখোশ’-এর তিনটি দৃশ্যের পুরোটা লিখে দিলেন। বাকিটা লাইন আপ করে দিলেন (পরে অবশ্য চিত্রনাট্যের বেশ রদবদল করতে হয়)। ক্যামেরাম্যান হিসেবে চুক্তিবদ্ধ করা হলো নিউ থিয়েটারের মুরারী মোহন ঘোষকে। তার পরামর্শে পাঁচ হাজার টাকা দিয়ে একটি পুরোনো আইমো ক্যামেরা কেনা হলো; তবে এটির কোনো সাউন্ড গেট ছিল না।
এবার শিল্পী নির্বাচনের পালা। বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী কলিম শরাফী ও তাঁর স্ত্রী কামেলা শরাফীকে নায়ক-নায়িকা করার প্রস্তাব নিয়ে চট্টগ্রাম যাওয়ার পরে তাদের নির্বাচিত করা না গেলেও সেখানকার পাথরঘাটার মেয়ে পূর্ণিমা সেনগুপ্তাকে নায়িকা (কুলসুম চরিত্রে) হিসেবে মনোনীত করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী জহরত আরা এবং ইডেন কলেজের আইএর ছাত্রী পিয়ারী বেগম (নাজমা) মনোনীত হলেন যথাক্রমে হামিদা ও রাশিদা চরিত্রে। ছবির মুখ্য চরিত্র শমসের ডাকাতের চরিত্রে নেওয়া হলো ইনাম আহমেদকে। আর ছবির নায়ক আফজাল চরিত্রে নিজেই অভিনয় করবেন বলে সিদ্ধান্ত নিলেন জব্বার খান। অন্যান্য চরিত্রে নির্বাচিত হলেন— আলী মনসুর, রহিমা বিবি, ফজলুল করিম, সাইফুদ্দিন, ফিরোজা বারী, আমিনুল হক, আতাউর রহমান, জামান, মঈনউদ্দিন, রফিক, নুরুল আনাম খাঁ, সোনা মিয়া, জহির, কামরুজ্জামান, আবুল খায়ের, বাচ্চু, মঞ্জুর, আউয়াল, আশরাফ, সাহাদাত, সোবহান, আকরামসহ আরও অনেকে। শব্দগ্রাহক ছিলেন মঈনুল ইসলাম, রূপসজ্জায় শমশের আলী, নৃত্য পরিচালক গহর জামিল।
ছবিতে দুটি গান আছে—‘আমি ভীন গেরামের নাইয়া’ এবং ‘মনের বনে দোলা লাগে’। গান দুটি গেয়েছেন যথাক্রমে আবদুল আলীম ও মাহবুবা হাসনাত। সংগীত পরিচালক সমর দাস। সহকারী সংগীত পরিচালক ধীর আলী। গীতিকার গফুর সারথী। তখন তো ঢাকায় কোনো রেকর্ডিং স্টুডিও গড়ে ওঠে নি, তাই শান্তিনগরে ইকবাল ফিল্মসের অফিসে রুমের দেয়ালে কাপড় টাঙিয়ে কোনো মহরত ছাড়াই গান দুটি রেকর্ডিং করা হয়।
গান রেকর্ডিং করার পর ছবির শুটিং শুরু হলো। ১৯৫৩ সালের ডিসেম্বরে বুড়িগঙ্গা নদীর ওপারে কালিগঞ্জের খালে প্রথম ক্যামেরাবন্দি হলো একটি মাছ ধরার দৃশ্য। আর তাতে অংশ নেন আমিনুল হক, জামান, রফিক ও গ্রামবাসী। উল্লেখ্য, ক্যামেরায় সাউন্ড গেট না থাকায় দৃশ্যানুযায়ী সংলাপ একটি টেপ রেকর্ডারে রেকর্ড করার ব্যবস্থা নেওয়া হয়। যদিও ক্যামেরার গতির সঙ্গে রেকর্ডারের গতি সংগত কারণেই মেলে নি।
দ্বিতীয় পর্যায়ের শুটিং হয় তেজগাঁও এলাকার একটি গভীর জঙ্গলে। এতে একটি ডাকাতির দৃশ্যে অন্যান্যের সঙ্গে অংশ নেন মোহাম্মদ হোসেন (বিচারপতি)। কিন্তু তিনি পরের দিন আর না আসায় এবং তাকে বাদ দেওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় চিত্রনাট্যও পরিবর্তিত হয়। ফলে শুটিং কিছুদিন বন্ধ থাকে। তারপর আবার যখন কাজ শুরু হবে, তখনই শুরু হয় ভয়াবহ বন্যা। তখন ১৯৫৪ সালের এই বন্যার ওপর ইকবাল ফিল্মস একটি প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করে। ওই প্রামাণ্য চলচ্চিত্রের ফিল্মসহ ‘মুখ ও মুখোশ’-এর তিন দিনের ধারণকৃত অংশের ফিল্ম নিয়ে জব্বার খান লাহোর যান। দেখা যায় সবই ঠিক আছে শুধু শব্দের সঙ্গে মুখ মিলছে না। এদিকে ক্যামেরাম্যান মুরারী মোহন লাহোর থেকে সেই যে কলকাতায় চলে যান, আর ফেরেন না। এমনকি এক পর্যায়ে মুরারী মোহন ঘোষের সহকারী ক্যামেরাম্যান শক্তি বন্দ্যোপাধ্যায়ও কলকাতায় চলে যান। এই বেহাল অবস্থার অবসান হয় কিউ এম জামান চিত্রগ্রাহকের দায়িত্ব নেওয়ায়। নতুন উদ্যমে আবার সবাই কাজে ঝাঁপিয়ে পড়ে। শাহবাগ হোটেলের (বর্তমান পিজি হাসপাতাল) ছাদে ১৯৫৪ সালের ৬ আগস্ট মহরত অনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন গভর্নর মেজর জেনারেল ইসকান্দার মীর্জা।
মহরত অনুষ্ঠানের পর পুরোদমে চলে শুটিং- সিদ্ধেশ্বরী এলাকার এক বাড়িতে, রাজারবাগের কৃষিক্ষেত, কমলাপুরের বৌদ্ধমন্দির এলাকার পুকুরপাড়, লালমাটিয়ার ধানখেত, মিরপুর, জিঞ্জিরা ও টঙ্গীর বিভিন্ন এলাকায়। বলা যায় যে, ‘মুখ ও মুখোশ’ ছিল প্রধানত আউটডোরভিত্তিক। ছবির আউটডোর সেটে প্রথম যে ঘরটি বানানো হয়—সেটি ছিল ইট, বালু আর কাঠের তৈরি। প্রায় দু’বছর কাজ করার পর ১৯৫৫ সালের ৩০ অক্টোবর ছবির শুটিং শেষ হয়।
শুটিং শেষে গান-টানসহ আবদুল জব্বার খান লাহোরের শাহনূর স্টুডিওতে যান। সেখানে অভিজ্ঞ সম্পাদক এম এ লতিফ পরামর্শ দিলেন ডাবিংয়ের। কেননা বেশি নয়েজের দরুন সংলাপ না শোনার সম্ভাবনা ছিল। কিন্তু নানা কারণেই ডাবিং করানো সম্ভব হলো না। শেষ পর্যন্ত এম এ লতিফ একটা শব্দের প্রত্যেকটা অক্ষর ফ্রেম কেটে কেটে জোড়া দিয়ে অনেক কষ্ট করে এক মাসে সম্পাদনা শেষ করলেন।
তারপর আরেক বিপত্তি। ছবির তিনটি প্রিন্ট, নেগেটিভ এবং কিছু ফিল্ম কাটিংসহ জব্বার খান ঢাকায় ফেরার প্রস্তুতি নেন, কখন কাস্টমস বাধা দেয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বিচারপতি আবদুস সাত্তারের (বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট) সহযোগিতায় এ সমস্যা থেকে মুক্ত হন জব্বার খান। তবে ‘মুখ ও মুখোশ’-এর প্রথম প্রর্দশনীটি হয় করাচির তাজমহল সিনেমা হলে—সেখানকার প্রবাসী বাঙালিদের অনুরোধে।
ক্যামেরা সাজ-সরঞ্জামসহ ‘মুখ ও মুখোশ’ নির্মাণে ব্যয় পড়েছিল ১ লাখ ৫ হাজার টাকা। তবে সাজসরঞ্জাম ছাড়া শুধু ছবির উৎপাদন খরচ হচ্ছে ৬৪ হাজার টাকা। জহরত আরা ও ইনাম আহমেদসহ ছবির অধিকাংশ শিল্পী ও কলাকুশলী বিনা পারিশ্রমিকে কাজ করেছিলেন। শুধু পারিশ্রমিক নেন পূর্ণিমা সেনগুপ্তা ও আমিনুল হক। কলকাতার ক্যামেরাম্যান মুরারী মোহন ঘোষ পাঁচ হাজার টাকা এবং চিত্রনাট্যকার মনি বোস নিয়েছিলেন এক হাজার টাকা। সংগীত পরিচালক সমর দাসকে দেওয়া হয় দেড় হাজার টাকা। কণ্ঠশিল্পী আবদুল আলীম একটি গানের জন্য ৭৫ টাকা এবং প্রতিবার যাতায়াত ভাড়া বাবদ এক টাকা পান। গায়িকা মাহবুবা হাসনাতও পারিশ্রমিক লাভ করেন।
ঢাকায় ফিরে ছবিটি মুক্তি দিতে গিয়ে আবদুল জব্বার খান আবার সমস্যার মুখোমুখি হন। কোনো প্রদর্শকই ছবিটি মুক্তি দিতে রাজি নয়। শেষপর্যন্ত এগিয়ে এলেন পাকিস্তান ফিল্ম ট্রাস্টের মোশাররফ হোসেন চৌধুরী ও পাকিস্তান ফিল্ম সার্ভিসের আউয়াল সাহেব। তাদের চেষ্টায় নারায়ণগঞ্জের ডায়মন্ড, চট্টগ্রামের নিরালা এবং খুলনার উল্লাসিনী সিনেমাহল কর্তৃপক্ষ ‘মুখ ও মুখোশ’ চালাতে রাজি হলো। কিন্তু ঢাকাতে হলো না। অবশেষে ‘রূপমহল’-এর মালিক কমল বাবু রাজি হলেন ছবিটি চালাতে। ১৯৫৬ সালের ৩ আগস্ট সকালে ছবিটি উদ্বোধন করলের তৎকালীন গভর্নর শেরে বাংলা এ কে ফজলুল হক। প্রেস শো’র মাধ্যমে ছবিটি মুক্তি পেল। রুপালি পর্দায় দর্শকরা দেখতে পেল ‘মুখ ও মুখোশ’। সেলুলয়েডে ফুটে উঠল এ দেশের কয়েকজন মানুষের জীবনকাহিনি—শমসের ডাকাতের অত্যাচারে সবাই অতিষ্ঠ। লুটতরাজ, নারীহরণ এসব কাজ করে একটা ত্রাসের রাজত্ব তৈরি করেছে সে চারদিকে। একদিন রাতে ডাকাতি করে দলবলসহ বুড়ি জঙ্গল দিয়ে ফিরছিল শমসের ডাকাত। দূরে সে দেখতে পেল মশাল জ্বালিয়ে একটা লোক যেন কী করছে।
হাজীপুরের রহমানের প্রথম স্ত্রী আফজাল নামে একটি পুত্রসন্তান রেখে মারা যান। আফজালের বয়স তখন আট বছর। তার সৎমা একদিন চেলা কাঠ দিয়ে খুব প্রহার করেন তাকে। অজ্ঞান হয়ে যায় সে। রহমান মৃধা মনে করেন আফজাল আর নেই। স্ত্রীকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্যে নিজের দুঃখকে চাপা দিয়ে ভৃত্যকে হুকুম দেন, জঙ্গলের ভেতর আফজালকে কবর দিতে আসতে। বৃদ্ধ সে কবরই খুঁড়ছিল। এমন সময় হঠাৎ গর্জে ওঠে শমসের ডাকাতের ভয়াল বন্দুক। কেঁপে ওঠে বুড়ির জঙ্গল। মারা গেল সেই ভৃত্য।
শমসের ডাকাত কাছে এসে দেখে, মশালের কাছে পড়ে আছে একটি বালক। না, তখনো মরে নি। শমসের ডাকাত তাকে নিয়ে যায় তার আড্ডায়।
কেটে গেল বিশ বছর। পৃথিবীর ওপর দিয়ে ইতিমধ্যে বয়ে গেছে বহু পরিবর্তন।
রহমান মৃধার দ্বিতীয় পুত্র জালাল তখন কালোজল থানার ভারপ্রাপ্ত অফিসার। রহমান মৃধার কন্যা রশিদা থাকে ভাইয়ের কাছে। কিন্তু ভাবি হামিদার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে সে।
অন্যদিকে শমসের ডাকাতের অত্যাচার চলেছে অব্যাহত গতিতে। বিয়ে বাড়ি থেকে কুলসুম প্রভৃতি বহু নারীকে এনেছে হরণ করে। আটকে রেখেছে তাদের। অবশেষে শমসের এসে আড্ডা গাড়ল কালোজল থানায়। দেশব্যাপী মানুষ ফরিয়াদ জানায় সরকারের কাছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুরস্কার ঘোষণা করেন শমসেরকে ধরে দেওয়ার জন্য। কিন্তু থানার দারোগা কেনা হয়ে আছে শমসেরের কাছে। ঘুষ খায় আর এড়িয়ে যায় তাকে।
একদিন শমসের ছদ্মবেশে জালালের সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার সময় দেখতে পায় পুকুরে স্নানরতা ষোড়ষী তন্বী রশিদাকে। দলের মধ্যে ঘোষণা করে দেয়—রশিদাকে আমার চাই।
বহুদিন পরে স্নেহপ্রবণ মা-বাবা আসে জালালকে দেখতে তার কর্মস্থল কালোজলে।
কিন্তু পুত্রবধূর কথার বানে জর্জরিত হয়ে অভুক্ত অবস্থায় সেই স্থান ত্যাগ করে বৃদ্ধ মা-বাপ। প্রতিবাদ করে রশিদাও হয় শেষপর্যন্ত বিতাড়িতা। গভীর রাতে মেঘনার বুকে নৌকায় আক্রান্ত হয় রহমান মৃধা। বুড়ো-বুড়িকে ফেলে দেয় মেঘনার বুকে, রশিদাকে নিয়ে যার শমসের তার আড্ডায়।
ছোট সর্দার আফজালের প্রতি কুলসুমের টান খুব বেশি। কুলসুম তার বিগত জীবনের কাহিনি বলে আফজালের কাছে। আফজাল দেয় তার সান্ত্বনা।
রশিদার করুণ আর্তনাদ সাড়া জাগায় আফজালের কোমল প্রাণে। কুলসুমও তাতে যোগ দেয়। সুযোগ বুঝে তারা দুজনে রশিদাকে নিয়ে সরে পড়ে। শুরু হয় পাল্টা আক্রমণ শমসের ও আফজালের মধ্যে। গ্রামের ছেলেরা উদ্ধার করে বৃদ্ধ রহমান মৃধাকে। নিয়ে যায় পুলিশ সাহেবের কাছে। পুলিশ সাহেব তখন থানা পরিদর্শন করেছিলেন। সব সংবাদ জানতে পেরে তিনি নিজেই শুরু করেন অভিযান।
শমসের আর আফজালের গুলি বিনিময়ে সমস্ত জঙ্গলটা কেঁপে ওঠে থরথর করে। হঠাৎ সিংহের ন্যায় চিৎকার করে শমসের গড়িয়ে পড়ে মাটিতে।
রশিদা দল ছেড়ে পালিয়ে যায়। কিন্তু বাধা পায় ডাকাতের কাছে। নদীতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করতে চেষ্টা করে রশিদা। এমন সময় ঘটনাস্থলে গ্রামের যুবকরা এসে পড়ে। আফজালের গুলির আঘাতে শেষ নিশ্বাস ছাড়ে শমসের। একে একে ধরা পড়ে সব ডাকাত। আফজাল ও কুলসুমকে নিয়ে যাওয়া হয় তাদের সঙ্গে থানায়। থানার মধ্যে পরিচয় হয় পিতা-পুত্রের। ত্রিশ বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পায় বৃদ্ধ রহমান মৃধা।
হামিদা-রশিদা-কুলসুম-আফজালকে নিয়ে বৃদ্ধ রহমান মৃধা ফিরে যায় নিজ বাড়িতে। আদর্শবাদী যুবক শহিদের সঙ্গে রশিদার বিয়ে ঠিক হলো। বৃদ্ধ স্থির করেন আফজালের সঙ্গে কুলসুমের বিয়ে দিয়ে গৃহের শান্তি পুনঃ ফিরিয়ে আনতে। বিশেষভাবে তদন্তের পর জালালও তার কৃতকর্মের জন্য দোষী সাবাস্ত হয়।
দোষী ব্যক্তি সে যেই হোক আইন তাকে রেহাই দেবে না। এই মহান বাণীর স্বার্থ রক্ষার্থে জালালেরও জেল হয়ে যায়।
ঢাকা সেন্ট্রাল জেল। কয়েদির পোশাক পরিহিত জালাল আজ জীবনের খতিয়ান খুলে বসেছে, কী করেছে এতদিন। জমার খাতা শূন্য। চমকে ওঠে সে। বড়ভাই আফজাল আসে তার সঙ্গে দেখা করতে, লজ্জায় মাথা নত হয়ে যায় তার। জেল দরজার সামনে দু’ভাই-এর মিলন বড় করুণ। সময় কম, জেল ওয়র্ডার নির্দেশ দেয় আফজালকে ফিরে যেতে। জেলের গরাদ ধরে দাঁড়ায় জালাল, চোখ দিযে ঝপ ঝপ করে পানি ঝরে তার। নিজেই অজান্তেই যেন মুখ দিয়ে বেরিয়ে আসে—অন্যায়, আমি অন্যায় করেছি।
ছবির মুক্তির দিন পরিচালক-নায়কের অনুভূতি ছিল এ রকম—‘দুরুদুরু বুকে অপেক্ষা করছি- লজ্জা পেতে হয় নাকি।’ হাউজ ফুল হয়ে ছবি চলল। প্রতি মুহূর্তে হাততালি, হাততালি, হাততালি একদম বিরতি পর্যন্ত। কিন্তু দর্শকরা ছবিটি সাদরে গ্রহণ করে নিলেও, চার সপ্তাহ হাউজফুল হয়ে ছবিটি চললেও শেষপর্যন্ত ‘মুখ ও মুখোশ’ লগ্নিকৃত অর্থের পুরোটা তুলে আনতে পারে নি। অর্থাৎ ছবিটি ফ্লপ হয়। অন্যদিকে চিত্রগ্রহণ, কস্টিউম, সম্পাদনা, আবহসংগীত ইত্যাদিতে ত্রুটি-বিচ্যুতি লক্ষ করা যায়। অভিনয়ও অনেকের যথাযথ হয় নি। কেউ কেউ অবশ্য ভালো করেন, এর মধ্যে শমসের ডাকাতের ভূমিকায় ইনাম আহমেদের অভিনয় প্রশংসিত হয় বিশেষভাবে। ছবির দুটি গানও আবদুল আলীম ও মাহবুবা হাসনাত চমৎকার গেয়েছেন। দর্শক-শ্রোতাদের হৃদয় স্পর্শ করেন তারা।
যখন এদেশে চলচ্চিত্র নির্মাণের কোনো অবকাঠামোই ছিল না, সেই সময়ে একটি চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য ‘ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার’-এর মতো ‘মুখ ও মুখোশ’ নির্মাণে ঝাঁপিয়ে পড়েছিলেন আবদুল জব্বার খান। এ ছিল দুঃসাহসী প্রচেষ্টা। তার এই প্রয়াসের প্রশংসা করতেই হবে। তাঁর কাছে এ দেশের চলচ্চিত্রামোদী দর্শকরা কৃতজ্ঞও। এ দেশের চলচ্চিত্রের পাইওনিয়ার ফিল্ম ‘মুখ ও মুখোশ’। এই ছবি থেকেই এ দেশে ছবি নির্মাণের ধারা গড়ে ওঠে, যা শুরুতেই উল্লেখ করা হয়েছে। এ দেশের চলচ্চিত্রের ইতিহাসে এই ছবির রয়েছে স্বতন্ত্র স্থান।
সহায়ক গ্রন্থসমূহ
১. মুখ ও মুখোশের ছেঁড়াপাতা/ শরাফুল, ইসলাম, নাগরিক প্রকাশনালয়, ঢাকা, ১৯৯০।
২. বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাস/ অনুপম হায়াৎ, বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, ঢাকা, ১৯৮৭।
৩. বাংলাদেশের চলচ্চিত্র শিল্প/ মির্জা তারেকুল কাদের, বাংলা একাডেমি, ঢাকা, ১৯৯৩।
Leave a Reply
Your identity will not be published.