ধামরাইয়ের রাজাপুরে চিরনিদ্রায় শায়িত সোহেল খান

ধামরাইয়ের রাজাপুরে চিরনিদ্রায় শায়িত সোহেল খান


স্বনামধন্য অভিনেতা সোহেল খান এখন চিরনিদ্রায় মগ্ন ধামরাইতে। সেখানকার রাজাপুর গ্রামে, পারিবারিক কবরস্থানে, গতকাল সন্ধ্যায় তাঁকে দাফন করা হয়েছে।


সোহেল খান হঠাৎই পরপারে চলে গেলেন। গত ১৮ নভেম্বর তিনি গিয়েছিলেন বগুড়ায়, 'নসীব' সিনেমার শুটিংয়ে অংশ নিতে। অবস্থান করছিলেন শহরের টি মম-ইন হোটেলে।


২৪ নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে নাস্তা খাওয়ার পরে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে উঠেছিলেন। এর কিছুক্ষণ পরে হোটেল কক্ষে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তাঁকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সোহেল খান। পরে তিনি একক নাটক, ধারাবাহিক ও টেলিফিল্মে অভিনয় করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য টিভি ধারাবাহিক ৪২০।


সোহেল খান মূলত হাস্যরসাত্মক বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় করেছেন খল চরিত্রেও। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে: নয় নম্বর বিপদ সংকেত, দারুচিনি দ্বীপ, খোঁজ দ্য সার্চ, প্রজাপতি, কমন জেন্ডার, লাল টিপ, অনেক সাধের ময়না, দেশা দ্য লিডার, শান ও জংলি।

Leave a Reply

Your identity will not be published.