চ্যানেল আইতে পাঁচ তারকার আড্ডা: স্মৃতিময় একদিন

চ্যানেল আইতে পাঁচ তারকার আড্ডা: স্মৃতিময় একদিন

আসার কথা ছিল সাত জনের। তাঁরা সবাই বাংলা চলচ্চিত্রের ষাট-সত্তর ও আশির দশকের মহা তারকা। চ্যানেল আইয়ের মুল ফটক থেকে সাজানো হয়েছিল এইসব তারকার সোনালি যুগের ছবি দিয়ে। তারা হলেন, শবনম, সুচন্দা, উজ্জ্বল, সোহেল রানা, আনোয়ারা, আলমগীর এবং ববিতা। কিন্তু এলেন পাঁচ জন। এর মধ্যে সোহেল রানা এবং আনোয়ারা অসুস্থতাজনিত কারণে আসতে পারেন নি। বাকি পাঁচজন লাল কার্পেট বিছানো পথে হেঁটে এলেন।

এটা ছিল এক দারুণ মুহূর্ত। তাদের স্বাগত জানালেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এরপর দিনব্যাপী চ্যানেল আইতে তুমুল আড্ডা। অনেকের সঙ্গে অনেকের দেখা হলো অনেক বছর পর। স্মৃতির ডালির ঝাঁপি খুলে প্রাণভরে আড্ডা দিলেন তাঁরা। বললেন, তাদের ব্যক্তিগত ও অভিনয়জীবনের নানান অজানা কথা। এ সময়ের মধ্যে চ্যানেল আইয়ের সুসজ্জিত স্টুডিওতে তাদের নিয়ে এক অন্যরকম আড্ডা দিলেন সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। স্মৃতিময় এইদিনে চলচ্চিত্র নয় চলচ্চিত্রের বাইরেও যে কথা কোনোদিন হয় নি বলা- সেইসব কথা এই পাঁচ তারকারা বললেন এই আড্ডায়। আষাঢ়ের প্রথম দিন, ১৫ জুন, এই আড্ডায় আষাঢ়কে উপভোগ করা, বৃষ্টিতে শুটিং করার স্মৃতি, প্রিয় নায়ক-নায়িকা, প্রিয় গান এরকম অনেক অনেক বিষয়ই উঠে এল সেই আড্ডায়। চ্যানেল আইতে স্মৃতিময় একদিন কাটিয়ে তাঁরা বাড়ি ফেরার আগে চ্যানেল আইয়ের পক্ষ থেকে পেলেন উপহার। উপহার সামগ্রীর মধ্যে ছিল ঘোড়া, হাতি, পুতুল, বাচ্চাদের খেলনাসহ অনেক কিছুই। সঙ্গে নাম ও ছবিসহ ক্রেস্ট এবং ফুলের বাকেট। পুরো অনুষ্ঠানটি চ্যানেল আই ধারণ করেছে। খুব শিগগিরই চ্যানেল আইতে এটি প্রচার হবে। অনুষ্ঠানটির পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

 

Leave a Reply

Your identity will not be published.