হুমায়ূন আহমেদ স্মরণে তিনটি অনুষ্ঠান

হুমায়ূন আহমেদ স্মরণে তিনটি অনুষ্ঠান

বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের নানা জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে তিনটি অনুষ্ঠানের কথা উল্লেখ করা হলো।

হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবস উপলক্ষে ফরিদপুরে স্মরণ সভা  অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুলাই বিকাল ৫টায় ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে স্থানীয় ‘সাহিত্য ভবন’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলনের সঞ্চালনায় স্মরণসভায় হুমায়ূন আহমেদের বহুমাত্রিক সাহিত্যকর্ম ও তাঁর কালজয়ী সৃষ্টির ওপর আলো ফেলেন আমন্ত্রিত আলোচকবৃন্দ। আলোচনায় অংশ নেন ফরিদপুরের সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম , বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃধা রেজাউল করিম। আলোচকগণ তাঁদের বক্তব্যে হুমায়ূন আহমেদের সাহিত্যিক জীবন, নাটক ও চলচ্চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করার পেছনে তাঁর অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

আলোচনাসভায় আলোচকবৃন্দ নন্দিত এই লেখকের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে, হুমায়ূন আহমেদের ফরিদপুরে আগমনের দিনগুলি বিভিন্ন স্মৃতি ও আবেগঘন মুহূর্তের কথা তাঁরা শ্রোতাদের সামনে তুলে ধরেন। প্রিয় লেখকের ফরিদপুর সফরের সেইসব পুরোনো গল্প অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

সমাপনী বক্তব্যে  অধ্যাপক আলতাফ হোসেন বলেন, হুমায়ূন আহমেদ তাঁর জাদুকরী লেখার মাধ্যমে প্রতিটি বাঙালি পাঠকের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্য অনুরাগী, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

গত ২৪ এপ্রিল সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রেও হুমায়ূন আহমেদ স্মরণে এক অনুষ্ঠানের  আয়োজন করা হয়। আয়োজক চৈত্র সাংস্কৃতিক সংগঠন। কেন্দ্রের চতুর্থতলার ৪০১ কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণদের চোখে হুমায়ূন আহমেদের জীবন ও সাহিত্যের নানা বিষয় উঠে আসে। তারা স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও প্রবন্ধও পাঠ করে। আলোচনায় অংশগ্রহণ করেন পাক্ষিক ‘অন্যদিন’-এর সম্পাদক ও ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, 'অন্যদিন'-এর নির্বাহী সম্পাদক ও ‘অন্যপ্রকাশ’-এর অন্যতম পরিচালক আবদুল্লাহ নাসের ‘এবং অন্যদিন’-এর সহকারী সম্পাদক মোমিন রহমান ।

অনুষ্ঠানের শুরুতে হুমায়ূন আহমেদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন আলোক। অতঃপর স্বরচিত কবিতা পাঠ করেন শোয়েব আলমগীর, শাফাওয়ান আহমেদ, শিখা সরকার, রাফসান মুন্সি, আনোয়ারুল স্বচ্ছ, সঞ্জীবন বৈদ্য এবং আলোক। হুমায়ূন আহমেদের ‘চিরকুট’ কবিতাটি আবৃত্তি করেন রকি। সিদ্দিক মিলন সংক্ষিপ্ত আলোচনায় তুলে ধরেন হুমায়ূন আহমদেদের লেখার শৈলী, তাঁর রসবোধ, মুক্তিযুদ্ধের উপন্যাসের স্বরূপ ও হুমায়ূনের গল্প-উপন্যাসের সংলাপের বৈশিষ্ট্য। এক পর্যায়ে প্রবন্ধ পাঠ করেন  নাফিউল হক। তিনি ‘হুমায়ূন আহমেদ: উত্তর-উপনিবেশবাদী রূপান্তর ও মধ্যবিত্তীয় মনস্তত্ত্বের ডিসকোর্স’ শীর্ষক এই প্রবন্ধে ভিন্ন দৃষ্টিকোণ থেকে হুমায়ূন আহমেদের কথাসাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তার প্রবন্ধের কিছু অসংগতি ও তথ্যগত ত্রুটি সম্পর্কে বলেন মাজহারুল ইসলাম ও মোমিন রহমান। মাজহারুল ইসলাম এই আয়োজনের জন্য চৈত্র সাংস্কৃতিক সংগঠনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে তাদের পাশে থাকবেন বলে জানান। সবশেষে আবদুল্লাহ নাসের হুমায়ূন আহমেদ পরিচালিত নাটক ও চলচ্চিত্রে অপেশাদার অভিনেতা হিসেবে তাঁর কাজ করার অভিজ্ঞতার কথা জানান। বিশেষত ‘হাবলঙ্গের বাজারে’ নাটকে প্রথম অভিনয় করার বিষয়টি বিশদভাবে তুলে ধরেন।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা ও সমাপনী বক্তব্য প্রদান করেন চৈত্র সাংস্কৃতিক সংগঠনের পরিচালক ফাল্গুনী এলিজাবেথ।

১৯ এপ্রিল বিকেলে বাংলা একাডেমিতে স্বনামধন্য রাজনীতিবিদ তাজউদদীন আহমেদ, কবি আল মাহমুদ, অভিনেত্রী কবরী সারোয়ার ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির ড. এনামুল হক ভবনের কবি আল মাহমুদ কর্নারে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ শিল্প ও সংস্কৃতি কেন্দ্র। এতে প্রতিষ্ঠানটির উপদেষ্টা মোজাম্মেল হক নিয়োগীর সভাপতিত্বে তাজউদদীন আহমেদ সম্পর্কে কথা বলেন তরুণ কথাসাহিত্যিক স্বকৃত নোমান, আল মাহমুদের ওপর আলো ফেলেন কবি মঈন মুরসালিন, কবরী সারোয়ার সম্পর্কে কথা বলেন লেখক-গল্পকার ও কলামিস্ট হোসেন আবদুল মান্নান এবং হমায়ূন আহমেদ সম্পর্কে বলেন পাক্ষিক ‘অন্যদিন’-এর ব্যবস্থাপনা সম্পাদক ও ‘অন্যপ্রকাশ’-এর অন্যতম পরিচালক সিরাজুল কবির চৌধুরী কমল। তিনি মূলত হুমায়ূন আহমেদ সম্পর্কে স্মৃতিচারণ করেন। হুমায়ূনের স্বভাব, রসবোধ এবং তাঁর চলচ্চিত্র ও নাটকে একজন অপেশাদার অভিনেতা হিসেবে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন।

Leave a Reply

Your identity will not be published.