ভ্রমণ গদ্যের পাঠকদের কাছে একটি সুপরিচিত নাম, হুসেইন ফজলুল বারী। তাঁর লেখার বৈশিষ্ট্য হলো, তথ্য সমৃদ্ধ হলেও তা একঘেয়ে নয়। কেননা তথ্যগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকে; মিশে থাকে গল্পের সঙ্গে। নিসর্গের বর্ণনা অপরূপ। আর তাঁর ভাষায় কবিতার গন্ধ রয়েছে। কখনো-সখনো অপ্রচলিত শব্দের ব্যবহারও লক্ষণীয়।
‘অন্যদিন’-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে হুসেইন ফজলুল বারী’র ভ্রমণকাহিনি ‘হেলেনিক সৌরভ’। এটি গড়ে উঠেছে গ্রিসের পটভূমিতে—যেখানে মূর্ত হয়ে উঠেছে সেই দেশের মানুষ, প্রকৃতি এবং পুরাণের নানা বিষয়।
৫
ঘুম ভাঙল অনেকটা বেলা করে। সকালবেলাটা কাটিয়ে দিলাম বেলকনি থেকে সাগরের দিকে তাকিয়ে। ভরপেট নাশতা খেয়ে অলস অবহেলায় এদিক সেদিক ঘুরি। দুপুরের খাঁ খাঁ রোদ্দুরে বের হয়ে মুশকিলেই পড়েছি বোধহয়। এখন লোকজনের আনাগোনা কম। সারা রাত পার্টি করে ভ্রামনিকগণ এখন অঘোরে গুমোচ্ছে বুঝি। খানিকটা পরেই ছায়া ঘনিয়ে এল। দুপুর হলেও খুব একটা খিদে পায় নি। একটা গ্রিক রেস্তোরাঁয় খেতে বসলাম অলিভ সালাদ। একসময় ঝিমুনির মতো আসে। ভাবলাম, হোটেলের সুইমিংপুলে খানিকটা সময় কাটালে ক্লান্তি কর্পূরের মতো উবে যাবে।
থিরার মূল জনপদ ঘুরে অতিথিশালায় ফেরার পথ খুঁজি। এদিকে কত যে অলিগলি। খেই হারাবার উপক্রম। সাগর সন্নিহিত সরু পথ দিয়ে নামতে গিয়ে চোখে পড়ল তিরচিহ্নিত এক ধূলিমাখা পথনির্দেশ—প্রফেট ইলিয়াস থিরামন্যাস্ট্রি। বেশ চমকেই উঠলাম। কারণ ইলিয়াস নবির তথ্য কোনো টুরিস্ট পুস্তিকায় দেখি নি। ইনিই কি তৌরাত, বাইবেল আর কোরআনে বর্ণিত সেই মশহুর পয়গাম্বর ? আগ্রহ নিয়ে থমকে দাঁড়ালাম।
সাগরের কোল ঘেঁষে মাথা উঁচু করে সান্ত্রীর মতো দাঁড়িয়ে আছে গুচ্ছগুচ্ছ মৌন পর্বত। একজন জানাল, এদিকেই এ জনপদের সর্বোচচ শৃঙ্গ। নিঃসঙ্গ আমি খাড়াপথ বেয়ে হেঁটে হেঁটে উপরের দিকে এগোলাম। যতই উপরে উঠি নিজেকে ক্ষুদ্র মনে হয়। বেশ শূন্যতা অনুভব করি। ক্লান্তি এসে ভর করেছে সর্বাঙ্গে। উতরাই পথে বাতাসের বেগও কমতির দিকে। এদিকটা অবশ্য একদম জনবিরল। অবলীলায় উপরে উঠছে কয়েকটা ভারবাহী গাধা। গ্রিসে এখনো গাধাকে বেশ তাজিম-সমাদর করা হয়। ওইদিকে দুই ঘণ্টার হাঁটাপথে ইলিয়াস নবীর মঠ। চলতে শুরু করেছি এবড়ো-খেবড়ো পথে। কেমন যেন রুক্ষ পোড়া পোড়া গন্ধও নাকে লাগল। গা গুলিয়ে আসে। বোধ করি, এদিকটায় আগ্নেয়গিরিও আছে।

ঐতিহাসিকদের মতে, হজরত ইলিয়াস জন্মগ্রহণ করেন জর্ডানে। তিনি নবী হারুনের বংশধর। বাইবেলে তাঁর নাম লিখা হয়েছে ইলইয়া। জর্ডানের শাসক আখিয়াব ও তার স্ত্রী ইসাবেলা ছিল জালেম শাসক। মূর্তিপূজারি শাসক ও অভিজাত মানুষজনকে নবী ইলিয়াস হেদায়তের পথে ডাকলে তারা নবীকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তিনি আত্মগোপান করেন। একসময় সেখানে দুর্ভিক্ষ দেখা দিলে তিনি আখিয়াবের কাছে এসে বলেন, এই দুর্ভিক্ষের কারণ প্রভুর নাফরমানি করা এবং তোমরা যদি প্রভুর আজ্ঞা মেনে চলো, তবে এই আজাব থেকে মুক্তি পাবে। পরে সিদ্ধান্ত হয়, ইলিয়াস নবী আল্লার নামে পশু কোরবানি করবেন আর আখিয়াবের অনুসারীগণ বায়াল দেবীর নামে পশু উৎসর্গ করবেন। আকাশের বিজলি ইলিয়াস নবীর কোরবানিকৃত পশু জ্বালিয়ে দেয়। এর মানে হলো, প্রভু খুশি হয়ে ইলিয়াসের কোরবানি কবুল করেছেন। এই দৃশ্য দেখে বহুলোক সেজদায় পড়ে যায়। কিন্তু বায়ালের উপাসকগণ খেপে যায়। আখিয়াবের স্ত্রী ঠিক করেন যে, ইলিয়াসকে হত্যা করতে হবে। ইলিয়াস নবী এক বৃদ্ধা নারীর ঘরে আত্মগোপন করেন। তিনি পরে পালিয়ে অন্য এলাকায় চলে যান। এই কি সেই এলাকা ? জর্ডান থেকে এর দূরত্ব কত ?
দূর পাহাড়ের গা বেয়ে উপরের দিকে চলে গেছে সরু রাস্তা। অজস্র পাহাড়ি বাঁক। মাঝে একটা-দুটো সুড়ঙ্গ। সুনীল সমুদ্র থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এল। সমুদ্রের জল গাঢ় নীল। অরণ্য ছিটেফোঁটা, পাহাড়ি চূড়ার নিচে। কেমন যেন মরুময় চারপাশটা। রুক্ষ পাহাড়ে বুঝি গাছপালা জন্মায় না। নগ্ন ভাস্কর্যের মতো এক-একটা পর্বত। এই গিরিপথে দেখলাম লক্ষ বছরের পুরোনো শিলা। পায়ে চলা পথ আর দেখা যায় না, মিলিয়ে গেছে বাবলার জঙ্গলে। খাড়া পাহাড়। এত উপরে উঠে চলে যাব ? একদিকে সাগর, অন্যদিকে মাইলের পর মাইল উষর উপত্যকা। নিচের দিকে ছোটছোট টিলা, একটা জংলার মতো কঙ্করময় জমি, আছে বেশ কিছু ক্যাকটাস-দৈত্যের আকার। একটু জিরিয়ে নিই, পানি-টানি খাই।
মনে পড়ল, এক সুফিবাদি সাধক ব্যক্তিগত আলাপচারিতায় জানিয়েছেন, হজরত ইলিয়াসকে একটি হলুদ ঘোড়ায় চড়িয়ে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন এবং তিনি ও খিজির এখনো জীবিত হালে আছেন। প্রতি বছর রমজানে বায়তুল মুকাদ্দাসে তারা একত্রিত হয়ে সাধন-ভজন করেন।
আমল আখলাকের দিক দিয়ে আমি যে চরম সাধক মানুষ তা নয়। চলেছি, কৌতূহল নিয়ে। এক নবীর রওজায় যাব—ভাবতেই ভালো লাগছে। কিছুটা পথ চলে পাকদণ্ডি পেরিয়ে ঘাড় ঘুরিয়ে দেখি। উলটো দিকের নীল তেপান্তরে দুলতে থাকা সফেদ নৌযানকে এত উঁচু থেকে কাগজের ফুল বলে ভ্রম হয়। সূর্য বেশ ঢলে পড়েছে এখন। মহাভারতে বর্ণিত একলব্যের মতো কোনো খেয়ালি তীরন্দাজ বুঝি কোনোদিকে ভ্রুক্ষেপ না করে রাশি রাশি সোনার তির নিরন্তর ছুড়ে চলেছে সমুদ্রের বুকে, পাহাড়ের গায়ে। সোনালি আভায় চারপাশ যেন ছেয়ে আসছে। আমারও ঘোর লেগে যায়।
এই প্রস্তরময় পাহাড়ের শীর্ষে ঘন ছাই বর্ণের বিশাল দুর্গ। এখন আমি যাচ্ছি এক সোনার মানুষের পাদদেশে—হজরত ইলিয়াসের মাকামে। আমার আনন্দটা অপরিমিত এই জন্য যে, নবী ইলিয়াসের মঠ যে এই দ্বীপে তা আমার জানা ছিল না। টুরিস্ট পুস্তিকায় এরকম কোনো ইশারাও নেই। প্রবেশদ্বারে প্রাগৈতিহাসিককালের এক জীর্ণ লৌহকপাট। বৃহৎ রুদ্ধদ্বারের পাশ কাটিয়ে পকেটগেটে কয়েকটা টোকা দিলাম। কোনো সাড়া নেই। কিছুটা হতাশ হয়ে ভাবলাম আগামীকাল গাইড নিয়ে আসব। আচমকা এক তরুণ যাজক এসে দরজা খুলে তাজিম করে সেলাম দিল। ধন্যবাদ জানিয়ে সামনে এগোলাম। এদিকে ধূপছায়ার আবেশে এক শীতল গোরস্থান। এখানে ইলিয়াস নবীর মঠ ছাড়াও কয়েকটা চ্যাপেল রয়েছে। এর বুঝি বয়সের গাছপাথর নেই। পাথরের কয়েকটি গর্তে থোকা থোকা সুগন্ধি লোবান। বিক্ষিপ্তভাবে কিছু ঝোপঝাড়ের চিহ্ন। অদূরের বাগানে লাল, নীল আর সাদার মিশেলে ফুলের সমারোহ। পাশেই বিস্তৃত অঞ্চলজুড়ে সবুজ সবজির ঝোপ। কাঁটাগাছের পাশে আয়েশ করে শুয়ে আছে জ্বলজ্বলে চোখের বেশ কয়েকটা আদুরে বিড়াল। সযত্নে লালিত আঙুরলতার বনে মুকুল এসেছে।
কুঞ্জবনরূপী এই নির্জন স্থানে কাঠের বেঞ্চিতে ধ্যানমগ্ন একদল মানুষ। খাদেমরূপী ছেলেটা ঠোঁটে তর্জনী এঁটে নীরবতার ইঙ্গিত করল। আসলেই এখানে নির্জনতা বাঙ্ময়। এত উঁচুতে সারিবদ্ধ পাইনবন আর সবুজের বিস্তার দেখে অবাক হয়েছি। এখানকার বাতাসও প্রাণময়। লম্বা দম নিলাম, বুক জুড়িয়ে গেল। আলতো করে চোখের পাতা বন্ধ করে পদ্মাসনে বসে ধ্যানমগ্ন হলাম। কয়েকবার লম্বা দম নিলাম। মেরুদণ্ড সোজা করে বসে শরীর-মন শিথিল করি। নিশ্বাস-প্রশ্বাস ধীর হয়ে আসে। ঘুম ঘুম অনুভূতি থাকে। সচেতনভাবে সজাগ থাকতে হবে। বাবাকে দেখতাম চোখ বন্ধ করে মোরাকাবা মশাহেদায় মগ্ন হতে। আমি পাপীতাপী মানুষ। তবু কেন যেন মনে হলো, এই জনপদের আলাদা একটা ফ্রিকোয়েঞ্চি আছে। মনে মনে আচমকাই বলে উঠলাম, হে ইলিয়াস নবী, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। আট-দশ মিনিট কেটে গেল আত্মমগ্ন হালে। বেশ নির্ভার লাগছে। একটু পরে চোখ মেলে দেখি শেষ বিকেলের অরুণাভ শিখা যেন অনিঃশেষ মায়ায় আমায় জড়িয়ে ধরেছে। কয়েকবার উঠে দাঁড়ালাম। কুণ্ঠিত বুকে কদম বাড়ালাম সামনের দিকে। ঘোর কৃষ্ণবরণ আলখাল্লা আর দীর্ঘ টুপিতে শ্বেত শ্মশ্রুময় দেবদূতরূপ পাদরি সরদার যেন গ্রিক মূর্তির মতো ঝলমল করছেন। তিনি হাত বাড়িয়ে সম্ভাষণ জানালেন। তাঁর ইঙ্গিতে এক পাথরের টেবিল সামনে নিয়ে যাজকের মুখোমুখি বসলাম। লক্ষ করলাম, তার ম্রিয়মাণ নীলাভ চোখে যেন জগতের তাবৎ বৈরাগ্য জটলা বেঁধেছে। মাউন্ট প্রফিটিস ইলিয়াস-এর চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৬৭ মিটার উঁচু। এখানকার যাজকগণ আঙুর থেকে সুরা প্রস্তুত করেন। এছাড়াও চাষ করেন জলপাই, ডুমুর ও বিভিন্ন শাকসবজি।
আশ্রমের ফাদারকে বললাম, বাংলাদেশ থেকে এসেছি ইলিয়াস নবীর মাকাম দেখতে। তিনি আমাদের কোরানে বর্ণিত এক মশহুর পয়গাম্বর। তিনি বললেন, আমি জানি তৌরাত, বাইবেল আর কোরানে এই প্রফেটের কথা আছে। তিনি হাত উঁচু করে ভারী কণ্ঠে বললেন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তাঁর তর্জনীর বৈদূর্যমণির উজ্জ্বল আংটির সাথে কব্জিতে আঁটা নীল পাথরের দীর্ঘ জপমালা যেন মিতালি পাতিয়েছে। আমি বললাম, আপনি দীর্ঘ তপস্যা করেছেন, আমাকে কিছু উপদেশ দিন। তিনি হেসে বললেন, এই সময়টায় ইউরোপ-আমেরিকার মানুষজন বিনোদিত হতে অবকাশে বের হয়। গ্রিসের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য, সুনীল জলধি, উন্নত ভোজ, নানান কিসিমের দ্রাক্ষারস আর ভাস্কর্যরূপী মেয়েদের আকর্ষণে পাখির ঝাঁকের মতো হাজির হয় জাত-বেজাতের পর্যটকের দল। এসব ভোগবাদী আয়োজনে কি পুরো সঞ্জীবিত হওয়া যায় ? কিন্তু এই মাকামে যারা আসে তারা প্রভুর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত। সে হিসেবে আপনি ভাগ্যবান।

এক পর্যায়ে প্রশ্ন করলেন, আপনার পেশা কী ?
আমি বললাম, আইনশ্রমিক।
তিনি রুপা বাঁধানো দাঁতে হেসে জানালেন, তিনিও সাবেক আইনস্নাতক। এই যাজকপ্রবর আইনের বর্ণাঢ্য পেশায় যোগদান করে একসময় এক সময় জাহাজডুবির কবলে পড়ে শপথ করে অর্থোডক্স খ্রিষ্টিয় মতবাদ প্রচারে আত্মনিয়োগ করেন।
আমি তার সাথে একাত্ম হওয়ার ইরাদায় মোসাহেবের মতো মোলায়েমস্বরে যোগ করলাম, আসলেই তো, আইনজীবী পেশাটা কেমন যেন।
যাজক বললেন, একজন চরম সৎ আইনজীবীও তো খুনি, মাদক কারবারি বা গুন্ডা-পাণ্ডার পক্ষে আদালতে রীতিমত যুদ্ধ করেন।
তিনি মাথা ঝাঁকিয়ে জবাব দিলেন, আসলে এটা একটা পদ্ধতিগত কৌশল মাত্র। তিনি সরাসরি আমাকে প্রশ্ন করলেন, একজন নিরীহ আসামিকে সাজা দিতে একজন হাকিম হিসেবে আপনার কেমন লাগে ? আমি বললাম, অনুভূতিটা অম্লমধুর; আর সাজা না দিলে সমাজের শৃঙ্খলাও যে ভেঙে পড়বে, আর ভিকটিমের কষ্টের বিষয়টিও ভাবতে হয়।
তিনি সম্মতি জানিয়ে যোগ করলেন, অনেক অপরাধীর জন্ম হয় সমাজের মানুষের দলগত ব্যর্থতায়। তাই যতক্ষণ না শোষণহীন সমাজে সবার সমরূপী বিকাশের সুযোগ হয়, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রযন্ত্রকে তাই শাস্তি প্রদানে কিছুটা ধীরলয়ে চলবার কথা। আমার জিজ্ঞাসু চোখের প্রতি দৃকপাত করে তিনি হেসে বললেন, আমার নয়, এটা আমার স্বদেশী কার্ল ম্যাক্সের উক্তি। শেষে তিনি বললেন, দেখুন, আপনাদের নবী মোহাম্মাদ যে শেষ বিচারে উম্মতের জন্য প্রভুর কাছে সুপারিশ করবেন বলে মুসলিমরা বিশ্বাস করে, তা তো এক ধরনের মহান উকালতিই, তাই নয় কি ?
আমি কিছু বলবার আগেই এক ছোকরা খাদেম এসে দুই পেয়ালা পানীয় আর কাচের বাটিতে জলপাই আর ডুমুরের জলখাবার রেখে গেল। আমি সশঙ্ক চোখে তাকালে তিনি শোনালেন গালিবের উক্তি পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা হয় আদালতে আর সবচেয়ে বেশি সত্য কথন হয় মদ ছুঁয়ে, যেটা হয় পানশালায়। আমি তার কথার গভীরতায় তন্ময় হয়ে গেলাম। শেষে হেসে গেলাসে চুমুক দিয়ে বললেন, এখানকার দ্রাক্ষারস বেশ মশহুর। তবে আমি শুদ্ধাচারী বলে এখানে জিরের পানি দিয়েছে। প্রফেটের মনসট্রারির সওগাত, খেয়ে দেখুন। আমি এক চিমটে ভাঙা বাদাম তুলে মুখে পুরলাম। তিনি বললেন, এই দ্বীপের ঠিক উলটোদিকে তুরস্কের জনবিরল পাহাড়ে আসহাবে কাহাফের গুহা রয়েছে। সুযোগ পেলে একবার ঘুরে আসবেন। আমি বললাম, যদি হায়াতে কুলায় আর সুযোগ আসে। স্মিত হেসে প্রসঙ্গ পালটে তিনি বললেন, জজ সাহেব, ঐশীধর্মগ্রন্থে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখের দণ্ডনীতি, কিন্তু পায়ের বদলে পা কেন নয় ? আমি কিছু বলবার আগেই তিনি শরীর দুলিয়ে হেসে বললেন, আমার বান্ধবীকে মিউনিখ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তরুণ বয়সে এই প্রশ্নটা করেছিলাম। রসিকতাটা বেশ সূক্ষ্ম, ইঙ্গিতটা ধরতে আমারও খানিকটা সময় লাগল।
শেষে তিনি শোনালেন এক বিচারিক উপকথা। রাজার এক খাদেমকে রাজপ্রাসাদে তস্করবৃত্তির অভিযোগে রাজ দরবারে আনা হলো। রাজা রেগে আগুন। এক শিকারে গিয়ে তাকে রাখালির কাজ ছাড়িয়ে এনে রাজার খাস কামরায় উচ্চ পারিতোষকে নিয়োগ দিয়েছেন—এখন এই তার প্রতিদান ? আসামি অনেকদিন রাজার সেবা করেছে, তাই রাজা তাকে একটা সুযোগ দিতে চাইলেন। দোষী খাদেমকে বললেন, আগামীকাল তুমি আমার কোতওয়ালের সাথে মল্লযুদ্ধে যদি বিজয়ী হও, তোমার সাজা মওকুফ করে দেওয়া হবে, কিন্তু মল্লযুদ্ধে হারলেই গর্দান। কয়েদখানায় বসে নির্ঘুম চোখে অপরাধী ভাবে, এই জীবনে রাখালি করা ছাড়া কিছুই তো করি নি। আর সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সুঠাম কোতওয়াল ভাবে, এই পুঁচকে রাখালকে মল্লযুদ্ধে হারান তো মামুলি ব্যাপার। পরদিন সকালে রাজার উপস্থিতিতে উন্মুক্ত স্থানে মল্লযুদ্ধ শুরু হলো। সবাই অবাক হয়ে লক্ষ করল, দীর্ঘদেহী কোতওয়াল আজ শীর্ণ দেহের রাখালের সাথে মোটেই সুবিধে করতে পারছে না। সবাই ভেবেছিল, কোতওয়াল মজা করছে। একসময় কোতওয়ালের পরাজয় একদম সুনিশ্চিত হয়ে উঠল। তখন রাজার আদেশে এই মল্লযুদ্ধ বন্ধ ঘোষণা করে আসামিকে মুক্ত করে উপহার দেওয়া হলো। রাজা পার্শ্বচরদের দিকে তাকিয়ে বললেন, আমার কোতওয়াল তো এই মল্লযুদ্ধকে নিয়েছিল নিছক খেলারূপে আর আসামি একে নিয়েছিল তার জীবন-মরণের পুলসিরাতরূপে। সেজন্য কোতওয়ালের বিপরীতে সে সর্বস্ব বাজি রেখে মরণপণ লড়েছে।
রুদ্র দিনমণি সারা দিনের তাণ্ডব শেষে শেষবেলায় বেশ মরণাপন্ন হয়ে গেছে। বিদায়ী অরুণ লাজুক আবীর ছড়িয়ে দিল জলেস্থলে। হিমেল বাতাসের ঝাপটা মুখে লাগে। সাগরজলেও ভাটার টান লেগেছে। গির্জার ঘণ্টাধ্বনি বেজে উঠলে আমি বিদায় চাইলাম। পুণ্য উদ্দেশ্যে বা কোনো বিপদে পড়ে মুক্তির উদ্দেশ্যে ব্যবহারের উপদেশ দিয়ে যাজক মহোদয় হাতে ধরিয়ে দিলেন গুহাচারী আসহাবে কাহাফের নামের তালিকা।
ইসলাম পূর্ব যুগে এক অঞ্চলের মানুষেরা আল্লাহ তায়ালাকে ভুলে মূর্তি পূজা করত। সম্ভ্রান্ত সাত যুবক মূর্তি পূজা থেকে নিজেদের দূরে থাকত। মানুষের নিজ হাতে বানানো মূর্তি পূজার ব্যাপারটি তাদের বিবেকে নাড়া দিত। তারা সবাই লোকালয় থেকে লুকিয়ে নির্জনে আল্লাহ তায়ালার ইবাদত করত।
এদিকে আল্লাহর প্রতি তাদের ঈমান আনার কথা জানতে পারল সে যুগের খোদাদ্রোহী শাসক। সে তাদের আবারও মূর্তি পূজার আহ্বান জানাল এবং ইসলাম থেকে সরে আসতে বলল। কিন্তু সেই যুবকেরা আসমানী ধর্মের ওপর অটল থাকার সিদ্ধান্ত নিল। বাদশা তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল।
শাস্তির কথা জানতে পেরে সেই সাত যুবক নিজেদের ঈমান বাঁচানোর জন্য শেষ পর্যন্ত গুহায় আশ্রয় নিতে বাধ্য হন। গুহায় আশ্রয় নিয়ে তারা সেখানেই ঘুমিয়ে পড়েন। এক ঘুমেই কেটে যায় তিন শ’ বছর!
এরপর যখন তাদের ঘুম ভাঙে তারা লোকালয়ে গিয়ে দেখেন, সেই খোদা বিরোধী বাদশা আর নেই। বর্তমান সমাজের মানুষদের অনেকেই আসমানী ধর্ম ও আল্লাহর ওপর বিশ্বাসী। সেই যুবকেরা আবারও গিয়ে গুহায় ঘুমিয়ে পড়েন।
তাদের সেই ঘটনাকে স্মরণীয় করে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে সূরা কাহাফ অবতীর্ণ করেছেন।
এই যুবকদের সংখ্যা কত তা নিয়ে মতানৈক্য রয়েছে। তবে অনেকের মতেই তাদের সংখ্যা সাতজন। এই যুবকের নাম কী ছিল এ বিষয়েও বিভিন্ন মতামত রয়েছে। বিশুদ্ধ সনদে হজরত ইবনে আব্বাসের থেকে যে নামগুলো পাওয়া গেছে, তা তুলে ধরা হলো—মুফসালমিনা, তামলিখা, মরতুনুস, সুনুনুস, সারিনুতুস, যুনওয়াস, কায়াস্তাতি-য়ুনুস। (তাফসিরে ইবনে কাসির, ৫/৫৭৬)
প্রভুভক্ত সাত ভাইকে ভালোবেসে ৩০৯ বছর পাহারা দিয়েছে এক প্রভুভক্ত কুকুর—এই কুকুর নাকি মানুষকে ভালোবাসার কারণে স্বর্গবাসী হবে। আমি বেশ আগ্রহ নিয়ে আসহাবে কাহাবের নামের তালিকা পড়ার চেষ্টা করলাম—নামসমূহ উচ্চারণ করতে দাঁত ভাঙার উপক্রম। ধার্মিক ভাইদের চেয়ে বরং কুকুরের নামটি বেশ শ্রুতিমধুর—কিতমির। গাড়ির জন্য অপেক্ষমাণ অবস্থায় আমার অমনোযোগিতায় সেই কাগজ বাতাসের দমকায় নিচের সমুদ্রে গিয়ে পড়ল। নিউরনে বাজতে থাকে অপরূপ ধ্বনি—কিতমির, কিতমির।
Leave a Reply
Your identity will not be published.