'উড়লে আকাশে প্রজাপতি / প্রকৃতি পায় নতুন গতি' এই স্লোগানকে ধারণ করে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে অনুষ্ঠিত হয় ১৬তম প্রজাপতি মেলা। বেলুন ও প্রজাপতি আকাশে উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপাচার্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ নূরুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন। তিনি বলেন, ক্ষমতার সঙ্গে মমতা যুক্ত করতে হবে। সবুজকে আরো সবুজ করতে হবে। প্রজাপতিকে আকর্ষণ করতে হলে ঢাকাসহ দেশব্যাপী আরো গাছ লাগাতে হবে।

স্পন্সর প্রতিষ্ঠান কিউটের কর্মকর্তা মোশতাক আলম বলেন, প্রকৃতির সৌন্দর্যকে ধরে রাখতে হবে। বজায় রাখতে হবে ভারসাম্য। প্রজাপতি নিধন থেকে নিজেকে দূরে রাখতে হবে।
আইইউসিএন-এর কান্ট্রি রিপেজেন্টেটিভ বিপাশা হোসাইন বলেন, খুব সুন্দর আয়োজন। ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে। ১৬ বছর ধরে করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগ, এটি তাদের বিরাট সাফল্য। পরাগায়ণ থেকে শুরু করে প্রজাপতির নানা কাজের কথা আমরা জানি৷ প্রকৃতিতে প্রজাপতি কমে গেলে বোঝা যায়, পরিবেশের কোথাও নেতিবাচক কাণ্ডকারখানা ঘটছে।.. বিপাশা হোসাইন শিশু-কিশোরদের অনুরোধ করেন, তারা যেন প্রজাপতিকে ভালোবাসে, তাদের বাঁচার জন্য উদ্যোগ নেয়, তাদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে যে হুমকি রয়েছে তা প্রতিরোধ করে।
জীববিদ্যা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, প্রাণ-প্রকৃতির জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিচিতি রয়েছে দেশব্যাপী। এখানকার প্রাণপ্রকৃতি বেঁচে থাকুক।
ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের প্রধান অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, প্রজাপতির ডানায় অনেক রং থাকে। সমাজও এমন বর্ণিল হবে, সেই প্রত্যাশা করি আমরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অনুষ্ঠানের সভাপতি ও মেলার উদ্বোধক ড. মোঃ নূরুল ইসলাম বলেন, জীববৈচিত্র্য রক্ষার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নানা ধরনের প্রয়াস রয়েছে। প্রজাপতি মেলা তেমনই একটি উদ্যোগ বা প্রয়াস। .. শুধু বললে হবে না, প্রকৃতির সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের সবাইকে আন্তরিক হতে হবে। গাছ কাটা যাবে না। প্রকৃতি ও পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হবে। আনন্দের মাধ্যমে এই বিষয়ে শিশুদের শেখাতে হবে। নেট বা বইয়ের প্রজাপতি দেখানো নয়, তাদের প্রকৃতির মাঝে প্রজাপতিকে দেখাতে হবে। উপাচার্য হিসেবে আমি আর এখানে অপরিকল্পিত গাছ কাটতে দিব না। আমরা বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ আর আলোকসজ্জার ব্যবস্থা করব। গবেষণায়ও সহায়তা করব। প্রকৃতিকে সংরক্ষণ করতেই হবে। এর কোনো বিকল্প নেই।
প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বাংলাদেশের বিশিষ্ট পানি সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অন্যদিকে বন্য প্রাণী গবেষণায় অবদান রাখার জন্য পুরস্কৃত করা হয় নাবিলা জামান জ্যোতিকে।
এছাড়া আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কৃত হন অরুণাভ ব্রুনো (প্রথম), মাসুক আহাম্মেদ (দ্বিতীয়), ইকবাল এইচ বাবু (তৃতীয়)।

মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেন ব্রডকাস্ট ক্যাটাগরিতে আকিব সুলতান অর্ণব (এনটিভি), প্রিন্ট ক্যাটাগরিতে যুগ্মভাবে ওসমান সরদার (দৈনিক যায়যায়দিন) ও বেনজির হোসেন (দৈনিক ইত্তেফাক); ডিজিটাল ক্যাটাগরিতে যুগ্মভাবে মোঃ আতাউর রহমান (দৈনিক বণিক বার্তা) ও সাগর হোসাইন (দৈনিক নিউএজ)।
উল্লেখ্য, এবারের প্রজাপতি মেলার স্পন্সর প্রতিষ্ঠান ছিল 'কিউট'। গতবারও অবশ্য তারা মেলাটি স্পন্সর করেছে। জানা গেছে, প্রজাপতি সংরক্ষণ ও প্রজাপতিকে নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রজাপতি মেলাটি ষোলো বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের উদ্যোগে। ২০১০ সালে এটি প্রথম অনুষ্ঠিত হয়। এবারের মেলায় কিউট ছাড়াও সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে ছিল আইইউসিএন, আরণ্যক, বন অধিদপ্তর, চ্যানেল আই, প্রকৃতি ও জীবন, ডাব্লিউআরসি, বিপিআরসি, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড পিএলসি, এনসিআই, তরুপল্লব, মেন্টর।

সকাল থেকেই মেলা প্রাঙ্গণে দেখা গেছে সাজ সাজ রব। এক পাশে প্রজাপতি আকৃতির নানা ধরনের মুখোশ বিক্রি হচ্ছে। প্রজাপতির অবয়ব, অদ্ভুত আয়নাও রয়েছে। বিক্রি হচ্ছে মাটির চুড়ি, দুল, প্রসাধন সামগ্রীসহ নানা জিনিসও। জহির রায়হান মিলনায়তনে চলেছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বাইরে মজাদার এবং শিক্ষণীয় পাপেট শো। মোঃ মনোয়ার হোসেনের 'বাটারফ্লাই লারভাল হোস্ট প্লান্টস ইন বাংলাদেশ' গ্রন্থের মোড়ক উন্মোচনও হয়েছে।
কয়েকটি প্রতিষ্ঠানের স্টলও দেখা গেছে। যেমন, কুমন, বিলিভারস পয়েন্ট, বাংলার টেরাকোটা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের স্টাডি এন্ড কনজারভেশন ক্লাব, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর; আইইউসিএন তথা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ইত্যাদি। স্পন্সর প্রতিষ্ঠান কিউটেরও স্টল ছিল সেখানে।
Leave a Reply
Your identity will not be published.