বিশ্বসাহিত্য কেন্দ্রে BFSA-র তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্বসাহিত্য কেন্দ্রে BFSA-র তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশের চলচ্চিত্র শিক্ষার্থীদের অন্যতম সংগঠন বাংলাদেশ ফিল্ম  স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (BFSA)-এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা গতকাল ১৯ মে, মঙ্গলবার, রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘শিক্ষা, চলচ্চিত্র, পরিবর্তন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র শিক্ষার্থী, শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে BFSA-র বার্ষিক কার্যক্রম প্রতিবেদন ও অডিট রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের বিদায়ী সভাপতি সাদমান শিহির। পরে সংগঠনের গঠনতন্ত্র সংশোধন, নতুন সদস্য কার্ড বিতরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ১৭ সদস্যের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী সামিয়া লারা মৌমিতা সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্টামফোর্ড  ইউনিভার্সিটি বাংলাদেশের  ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মিনহাজ বিন ফিরোজ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষা: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি,  চলচ্চিত্র শিক্ষক ও গবেষক অধ্যাপক ড. ইমরান ফিরদাউস, স্টামফোর্ড ইউনিভার্সিটির চলচ্চিত্র শিক্ষক কাজী সালমান শীষ এবং চলচ্চিত্র সমালোচক ও শিক্ষক বিধান রিবেরু। আয়োজনে আরও ছিলেন  বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউল্লাহ এবং অভিনেতা ও জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনোজ প্রামাণিক।

আলোচকরা বলেন, বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার বিস্তার ঘটলেও এখনো দক্ষতা উন্নয়ন, গবেষণা, প্রযুক্তিগত প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য আরও বাস্তবমুখী শিক্ষা ও প্রদর্শনের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে BFSA’র নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়।

দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় Film Students Film Screening 2026’। এতে নির্বাচিত ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। চলচ্চিত্রগুলো হলো : ‘9889’ (পরিচালনা: কাজী সালমান শীষ); ‘What If’ (তানহা তাবাসসুম); ‘Boithok’ (শাজিদ শামস); ‘Troidhobindu’ (মো. সাকিব হোসাইন); ‘Home-Made’ (নিয়াজ মোরশেদ সম্পদ) এবং ‘Not A Dream’ (সিফাত রহমান ও সামিয়া লারা মৌমিতা)।

BFSA নেতৃবৃন্দ জানান, চলচ্চিত্র শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, নেটওয়ার্ক গড়ে তোলা এবং বিকল্প চলচ্চিত্র চর্চাকে এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your identity will not be published.