বাংলা সাহিত্য ও সংস্কৃতির বহুমাত্রিক বিকাশে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মোহন রায়হান এক আপসহীন সংগ্রামী মানুষ। তাঁর দীর্ঘ পথচলায় আছে লড়াই-সংগ্রামের বহু অধ্যায়। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ১৩বার কারাবরণ করেছেন।
আশির দশকে সামরিক স্বৈরশাসনবিরোধী আন্দোলনের সূচনাকারী ১৪টি ছাত্রসংগঠন নিয়ে গঠিত ‘ছাত্রসংগ্রাম পরিষদ’-এর কেন্দ্রীয় নেতা। ১৯৮৩-র ১১ জানুয়ারি ছাত্রবিদ্রোহের নেতৃত্ব দেওয়ায় ২১ দিন গুম করে রেখে, নির্মম নির্যাতন চালিয়ে তাঁর মেরুদণ্ড ভেঙে পঙ্গু করে দেয় সামরিক গোয়েন্দা বাহিনী। পরে দীর্ঘ চিকিৎসায় চলাচলে সক্ষম হন। ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ ও ‘জাতীয় কবিতা পরিষদ’-এর অন্যতম প্রতিষ্ঠাতা। জাতীয় কবিতা পরিষদ ও বাংলাদেশ রাইটার্স ক্লাবের দুইবারের সাবেক সাধারণ সম্পাদক।
‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রাপ্ত কবি মোহন রায়হানের ৭০তম বছর পূর্তি উপলক্ষে আজ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নূরুল ইসলাম মণি, এমপি, মাননীয় চিফ হুইপ, জাতীয় সংসদ।
অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়, উদ্বোধনী সংগীতের মাধ্যমে। অতঃপর মাননীয় অতিথিসহ কবি মোহন রায়হান ও অন্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হবে। তারপর বিভিন্ন সুধীজন বক্তব্য রাখবেন মোহন রায়হান সম্পর্কে। তাঁদের বক্তব্যের মাঝে প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র, গান ও আবৃত্তি। সবশেষে একটি কাব্য-নৃত্যনাট্যের মাধ্যমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
Leave a Reply
Your identity will not be published.