কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তাঁর কণ্ঠে সুরের জাদুতে মোহিত করেছেন শ্রোতাদের। গেয়েছেন চলচ্চিত্রের কয়েক হাজার গান। এছাড়াও দেশাত্মবোধক, আধুনিকসহ নানান ফর্মের গানে তিনি সুরের ঝংকার তুলেছেন। কিংবদন্তি এই সংগীতশিল্পীর জন্মদিন উপলক্ষে সম্প্রতি চ্যানেল আই নির্মাণ করেছে ‘রুনা মহল’ নামে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে একটি স্বর্ণের গিটার। অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীর তনয়া সংগীতশিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর কিংবদন্তি এই শিল্পীর জন্মদিনকে রাঙিয়ে তুলতে শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন স্বর্ণের গিটার। গিটার পেয়ে রুনা লায়লা উচ্ছ্বাস প্রকাশ করেন।
‘রুনা মহল’ অনুষ্ঠানের মাধ্যমে জানা যাবে রুনা লায়লার অনেক অজানা তথ্য। এটি প্রচারিত হবে আগামীকাল ১৭ নভেম্বর, রাত ১০:১৫ মিনিটে।
উল্লেখ্য, অনুষ্ঠানটি পরিচালনা ও প্রযোজনা করেছেন যথাক্রমে আরিফ খান এবং অনন্যা রুমা।
Leave a Reply
Your identity will not be published.