বাচসাসের নতুন নেতৃত্বে আবদুর রহমান ও রাহাত সাইফুল

বাচসাসের নতুন নেতৃত্বে আবদুর রহমান ও রাহাত সাইফুল

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বিবার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৮) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবদুর রহমান এবং রাহাত সাইফুল। গতকাল ২০ নভেম্বর, শুক্রবার, জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে হারিয়ে জয়ী হন তাঁরা।

সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। অন্য প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন মাত্র ৩ ভোট। ফলে ৫৭ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন আবদুর রহমান।

সাধারণ সম্পাদক পদে আরও বড় ব্যবধানে জয় পেয়েছেন রাহাত সাইফুল। তিনি পেয়েছেন ২৪৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট এবং অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট। ৯২ ভোটের ব্যবধানে জয়ী হয়ে সম্পাদকীয় পদগুলোর মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছেন রাহাত সাইফুল।

সহসভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন রিমন মাহমুদ ও হামিদ মোহাম্মদ জসিম। রিমন মাহমুদ ২৬১ ভোট পেয়ে প্রথম এবং হামিদ মোহাম্মদ জসিম ২২৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এ পদে আঞ্জুমান আরা শিল্পী পেয়েছেন ১৯৯ ভোট এবং সাহাবুদ্দিন মজুমদার পেয়েছেন ১১১ ভোট। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।

অন্যান্য পদে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা (২৫৬ ভোট), সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া (২২৬ ভোট), আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক আনিসুল হক রাসেল (২৩১ ভোট) এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পান্থ আফজাল (২৪১ ভোট)।

সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান স্বর্ণা। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিব আল হাসান। দুজনই পেয়েছেন ২২৬ ভোট। সম্পাদকীয় পদগুলোর মধ্যে সবচেয়ে কম ব্যবধানে জয় পেয়েছেন তৌফিক অপু। তিনি ১৯ ভোটের ব্যবধানে আমিনুর ইসলাম লিটনকে পরাজিত করেন।

নির্বাহী সদস্যের নয়টি পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। এ ছাড়া নির্বাচিত হয়েছেন সুকন্যা আমির, রুহুল সাখাওয়াত, রাজু আলীম, অরণ্য শোয়েব, সালাম মাহমুদ, শাকিল হোসেন, হাফিজ রহমান ও সালাম ফারুক। এ পদে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে নবম আসনটি নিয়ে। মাত্র দুই ভোটের ব্যবধানে আফসানা খানমকে হারিয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সালাম ফারুক।

শুক্রবার দুপুর ১২টায় ভোটগ্রহণ শুরু হয়। জুমার নামাজের বিরতির পর বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫২৫ জন। দুটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এক প্যানেলে নেতৃত্ব দেন আবদুর রহমান ও রাহাত সাইফুল। অন্য প্যানেলে ছিলেন কামরুল হাসান দর্পণ ও আহমেদ তেপান্তর। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এরফানুল হক নাহিদ।

এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

Leave a Reply

Your identity will not be published.