আসছে ‘যাপিত জীবন’

আসছে ‘যাপিত জীবন’

দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমি ও পারিবারিক গল্প নিয়ে তৈরি সিনেমা ‘যাপিত জীবন’ মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর। এর আগে ১৮ নভেম্বর ছবিটির প্রিমিয়ার হবে উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে।

৬০ লাখ টাকা সরকারি অনুদানের এ সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। তিনি একজন সংস্কৃতিকর্মী, নাট্যনির্মাতা এবং প্রেক্ষাপট নাট্যদলের প্রাণপুরুষ। ‘ইদানীং তিনি ভদ্রলোক’সহ বেশ কয়েকটি মঞ্চনাটকের নির্দেশনা দিয়ে তিনি প্রশংসা কুড়িয়েছেন। ‘যাপিত জীবন’ তাঁর দ্বিতীয় চলচ্চিত্র। ‘রাত্রির যাত্রী’(২০১৯) ছিল তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তাঁর অভিষেক চলচ্চিত্র ‘বখাটে’ (১৯৮৭)। উল্লেখ্য, ‘যাপিত জীবন’-এর চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। পরিচালক হাবিবুল ইসলাম হাবিব তাঁর বাবা। তাঁর পরিচালনায় এই প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “খুবই অন্যরকম এক অনুভূতি খেলা করেছে বাবার পরিচালনায় এ ছবিতে অভিনয় করতে গিয়ে—যা সারা জীবন আমার মনে থাকবে।” ভাবনা জানান যেহেতু ‘যাপিত জীবন’ চলচ্চিত্রটি তাদের পারিবারিক প্রডাকশন ছিল, সেহেতু এ ছবিতে শুধু তিনি অভিনয় করেন নি অভিনয়শিল্পীদের দেখাশোনা থেকে শুরু করে সিনেমাটি নির্মাণের নানা অংশের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বলা যায়, তিনি ছিলেন তাঁর বাবা হাবিবুল ইসলাম হাবিবের ছায়া। নানাভাবে তিনি বাবাকে সাহায্য করেছেন। 

আগামীতে চলচ্চিত্র পরিচালক হিসেবে ভাবনাকে দেখা যাবে কি না ? এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি জানি না। তবে অনেকেই বলে, আমি একজন ভালো পরিচালক হবো। নানা সময়ে স্ক্রিপ্ট রাইটিং ও পরিচালনার ওপর বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেছি। জামিল আহমেদের কাছে দীর্ঘ তিন বছর বিশেষ তালিম নিয়েছি। এরপরেও আমি বলব যে, আপাতত আমি পরিচালনা করব না।” 

‘যাপিত জীবন’-এর পরে ভাবনা অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে। এর মধ্যে রয়েছে ‘পায়েল’, ‘ঢাকা ১২০৫’, ‘কিং দ্য ল্যান্ড অব প্রিন্সেস’, ‘ডর’, ‘যাযাবর’ ইত্যাদি।

সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। আফসানা ও সোবহান চরিত্রে অভিনয় করেছেন তারা। আফজাল হোসেন জানিয়েছেন, অত্যন্ত পারিবারিক আবহে সিনেমাটির কাজ সম্পন্ন হয়েছে। পারিবারিক একটি গল্প। কাজ করে ভীষণ ভালো লেগেছে। তাঁর বিশ্বাস খুব ভালো একটা নির্মাণ যাপিত জীবন।

‘যাপিত জীবন’-এ আরও অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি ও ডলি জহুর।
 

Leave a Reply

Your identity will not be published.