অন্যদিন-এর মুখোমুখি হাবিবুল ইসলাম হাবিব

অন্যদিন-এর মুখোমুখি হাবিবুল ইসলাম হাবিব

২০ নভেম্বর দেশব্যাপী ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘যাপিত জীবন’।  এটি নির্মিত হয়েছে প্রথিতযশা কথাসাহিত্যিক সেলিনা হোসেনের পাঠকপ্রিয় উপন্যাস অবলম্বনে। ছবিটি মুক্তির আগে ‘অন্যদিন’-এর সঙ্গে কথা হয় ছবিটির পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের।
উল্লেখ্য, তিনি একজন সংস্কৃতিকর্মী, প্রেক্ষাপট নাট্যদলের প্রাণপুরুষ, নির্দেশক এবং চলচ্চিত্রকার। তাঁর নির্মিত উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে: ইদানীং তিনি ভদ্রলোক, খাঁটি মীরজাফরের বাচ্চা, ব্যারিকেড চারদিক, সারা দিন পর, উল্টোরাত পাল্টাদিন...।
নিচে হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ‘অন্যদিন’-এর আলাপচারিতার নির্বাচিত অংশ তুলে ধরা হলো।
অন্যদিন: কেন সেলিনা হোসেনের ‘যাপিত জীবন’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের ভাবনা মাথায় এলো?
হাবিবুল ইসলাম হাবিব: উপন্যাসটি পড়ে আমার মনে হয়েছিল যে, বইটি অবলম্বনে একটি চমৎকার চলচ্চিত্র নির্মিত হতে পারে। কেননা এখানে দেশ ও মানুষের কথা রয়েছে; রয়েছে আন্দোলনের কথা। তাই দেশভাগের পর ভারত থেকে এদেশে আসা এক পরিবারের মধ্য দিয়ে সেই সময়টি চলচ্চিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ওই সময়ে ব্যবহৃত জিনিসপত্র, পোশাক-আশাক, সাজগোজ, বাড়িঘর ইত্যাদিও ব্যবহার করেছি চলচ্চিত্রে।
অন্যদিন: মাধ্যমগত কারণে কোনো পরিবর্তন করতে হয়েছে কি?
হাবিবুল ইসলাম হাবিব: না, তেমন পরিবর্তন করতে হয় নি। মূল ঘটনা ঠিকই আছে। তবে কিছু ঘটনা বাদ দিতে হয়েছে।
অন্যদিন: ইনডোর-আউটডডোর শুটিং কোথায় হয়েছে ?
হাবিবুল ইসলাম হাবিব: রাজবাড়িতেই মূলত শুটিং করেছি আমরা। বিভিন্ন রেল কলোনি, পুরোনো বিল্ডিং, নানা জায়গায় শুটিং করেছি। রেলস্টেশনের পাশে একটি পুরোনো বাড়ি পাওয়া গিয়েছিল। সেটি ঠিকঠাক করে শুটিং করেছি। ঢাকা মেডিক্যাল কলেজের পুরোনো বিল্ডিং আর সোনারগাঁওয়ের পানাম সিটিতেও কাজ করেছি আমরা।
অন্যদিন: কোনো সমস্যার মুখোমুখি হয়েছিলেন কি?
হাবিবুল ইসলাম হাবিব: চলচ্চিত্র নির্মাণ করতে গেলে সমস্যার মুখোমুখি তো হতেই হয়। আমিও হয়েছি এবং তাৎক্ষণিকভাবে সেইসব সমস্যার সমাধানও করেছি।
অন্যদিন: অভিনয়শিল্পীদের পারফরমেন্সে আপনি কি সন্তুষ্ট ?
হাবিবুল ইসলাম হাবিব: হ্যাঁ, ভীষণ সন্তুষ্ট। তারা আন্তরিকভাবে, ভালোবেসে এ ছবিতে কাজ করেছে। তাদের কাছে আমি ঋণী
অন্যদিন: আপনার প্রথম চলচ্চিত্র তো ‘বখাটে’ ? ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
হাবিবুল ইসলাম হাবিব: হ্যাঁ, ‘বখাটে’ আমার প্রথম ছবি। পরে আমি নির্মাণ করি ‘বিজয় নব্বই’। ছবিটি সেই সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীতও হয়েছিল। কিন্ত ষড়যন্ত্রের শিকার হওয়ার ফলে সেই বছর স্বল্পদৈর্ঘ্য শাখায় কোনো পুরস্কারই দেওয়া হয়নি।
অন্যদিন: আপনার পূর্ণদৈর্ঘ্য প্রথম কাহিনিচিত্র হলো, ‘রাত্রির যাত্রী’ (২০১৯)। সেই ছবিটির তুলনায় ‘যাপিত জীবন’ কি বেটার কিছু হয়েছে?
হাবিবুল ইসলাম হাবিব: অবশ্যই। ছবিটি সর্বাঙ্গীণ সুন্দর করার জন্য আমার চেষ্টার কোনো কমতি ছিল না।
অন্যদিন: আপনার আগামী চলচ্চিত্রের কথা বলুন।
হাবিবুল ইসলাম হাবিব: বিষয়টি নির্ভর করছে ‘যাপিত জীবন’-এর সাফল্যের ওপর। তাই ছবিটি মুক্তির পরেই আগামী ছবি নিয়ে ভাববো।

Leave a Reply

Your identity will not be published.