ডেকেছ আজি, এসেছি সাজি, হে মোর লীলাগুরু,
শীতের রাতের তোমার সাথে কী খেলা হবে শুরু।
ভাবিয়াছিনু খেলার দিন
গোধূলি-ছায়ে হল বিলীন,
পরান মন হিমে মলিন
আড়াল তারে ঘেরি—
এমন ক্ষণে কেন গগনে বাজিল তব ভেরী।
উতর-বায় কারে জাগায়, কে বুঝে তার বাণী ?
অন্ধকারে কুঞ্জদ্বারে বেড়ায় কর হানি।
কাঁদিয়া কয় কানন-ভ‚মি—
‘কী আছে মোর, কী চাহ তুমি ?
শুষ্ক শাখা যাও যে চুমি
কাঁপাও থরথর,
জীর্ণপাতা বিদায়গাথা গাহিছে মরমর।’
বুঝেছি তব এ অভিনব ছলনাভরা খেলা,
তুলিছ ধ্বনি কী আগমনী আজি যাবার বেলা।
যৌবনেরে তুষার-ডোরে
রাখিয়াছিলে অসাড় ক’রে;
বাহির হতে বাঁধিলে ওরে
কুয়াশা-ঘন জালে—
ভিতরে ওর ভাঙালে ঘোর নাচের তালে তালে।
নৃত্যলীলা জড়ের শিলা করুক খানখান্,
মৃত্যু হতে অবাধ স্রোতে বহিয়া যাক প্রাণ।
নৃত্য তব ছন্দে তারি
নিত্য ঢালে অমৃতবারি,
শঙ্খ কহে হুহুংকারি
বাঁধন সে তো মায়া,
যা-কিছু ভয়, যা-কিছু ক্ষয়, সে তো ছায়ার ছায়া।
এসেছে শীত গাহিতে গীত বসন্তেরই জয়—
যুগের পরে যুগান্তরে মরণ করে লয়।
তাণ্ডবের ঘূর্ণিঝড়ে
শীর্ণ যাহা ঝরিয়া পড়ে,
প্রাণের জয়-তোরণ গড়ে
আনন্দের তানে,
বসন্তের যাত্রা চলে অনন্তের পানে।
বাঁধন যারে বাঁধিতে নারে, বন্দী করি তারে
তোমার হাসি সমুচ্ছ্বাসি উঠিছে বারে বারে।
অমর আলো হারাবে না যে
ঢাকিয়া তারে আঁধার-মাঝে,
নিশীথ-নাচে ডমরু বাজে
অরুণদ্বার খোলে—
জাগে মুরতি, পুরানো জ্যোতি নব উষার কোলে।
জাগুক মন, কাঁপুক বন, উড়–ক ঝরাপাতা,
উঠুক জয়, তোমারি জয়, তোমারি জয়গাথা।
ঋতুর দল নাচিয়া চলে
ভরিয়া ডালি ফুলে ও ফলে,
নৃত্য-লোল চরণতলে
মুক্তি পায় ধরা—
ছন্দে মেতে যৌবনেতে রাঙিয়ে ওঠে জরা।
নটরাজ-ঋতুরঙ্গমালা
রবীন্দ্রনাথ ঠাকুর ০১ জানুয়ারি ২০২১ ০ টি মন্তব্য
Related Articles
‘হুমায়ূন আহমেদ বাংলাদেশের সম্পদ’
অন্যদিন১৪ নভেম্বর ২০২১কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, যাঁর আত্মপ্রকাশ ঘটে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে, ‘নন্দিত নরকে’ উপন্যাসের মাধ্যমে। পরের চার দশক আপন সৃষ্টিশীলতায় আচ্ছন্ন রেখেছেন কোটি বাঙালিকে।
স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা
অন্যদিন০৩ ফেব্রুয়ারি ২০২৬‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ বইকে ঘিরে আয়োজিত পাঠ আলোচনায় উঠে আসে টেলিভিশনের দীর্ঘ পথচলার স্মৃতি, অভিজ্ঞতা ও প্রভাবের কথা।
বর্ষায় টিব্যাগ স্টোরিস
মো. সাদিতউজজামান০৯ জুলাই ২০২৫নিজেকে টিব্যাগ আর্টের সাথে সম্পৃক্ত করার পরে চায়ের নেশার মতো আঁকার নেশাটাও কেমন প্রাত্যহিক হয়েছে। চা যেমন আমার একটা তৃপ্তির জায়গা, আঁকাআঁকিটাও।
ফিরে যাবার পথ অনিশ্চিত। আনোয়ারা সৈয়দ হক
আনোয়ারা সৈয়দ হক২৫ ফেব্রুয়ারি ২০২১যে আবদুল কাদিরের কথার নড়চড় হয় না, যে কিনা একটা বিশাল মুক্তিযুদ্ধে নিজের শৌর্যবীর্য দেখিয়ে ফিরে এসেছে স্বাভাবিক এক জীবনে, যার কথার নড়চড় সহজে হয় না, সে কিনা ‘আমি আগামীকালই আবার আসছি’ বলে আজ ছ’মাস ধরে হাওয়া!
Leave a Reply
Your identity will not be published.