“আমরা তিস্তার পানির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পানি বণ্টনের ব্যাপারে আমাদের এখন পর্যন্ত কোনো সুরাহা দিতে পারে নি”, ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল, ৭ ফেব্রুয়ারি, বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আসাদুল হাবিব দুলু রচিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, “আন্তর্জাতিক আইনে আছে অবশ্যই প্রয়োজনমতো পানি দিতে হবে। তারা দেয় নি। বরং এটা নিয়ে আমরা যখন কথা বলি, তখন ভারত সরকার পশ্চিমবঙ্গের সরকারকে দোষারোপ করে এড়িয়ে গেছে। তিস্তাকে বাঁচাতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে।”
মির্জা ফখরুল বলেন, “ভারত থেকে যদি আমরা সঠিক হিসেবে পানি পেতাম, তাহলে তিস্তা এভাবে মরে যেত না। তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হয়েছে। আমাদের দলেও আলোচনা হয়েছে। আমরা মনে করি এটি মহাপরিকল্পনার মধ্যে নিয়ে আশপাশের মানুষের যেন জীবন-জীবিকা সুন্দর করা যায়, সহজ করা যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। এজন্য নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থে আন্দোলনকে আরও বেগবান করতে হবে। মহা পরিকল্পনার মধ্য নিয়ে শুধু ওয়াটার ফ্লো নয়, তিস্তা নদীর পারের মানুষের জীবনমান কীভাবে উন্নয়ন করা যায় সে চেষ্টাটাও আমাদের করতে হবে।”
আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, “তিনি একজন সৃজনশীল মানুষ। রাজনীতিবিদ হয়েও যে সৃষ্টিশীল হওয়া যায়, তাঁর এলাকায় না গেলে বুঝতে পারবেন না। আমি তাঁর ফ্যান (ভক্ত)।”
এ সময় উপস্থিত ছিলেন ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ গ্রন্থের লেখক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপি সভাপতি পয়গাম আলি, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলামসহ বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিরা।
Leave a Reply
Your identity will not be published.