প্রথিতযশা নাট্যজন ফেরদৌসী মজুমদার। আজ তিনি ৮৪-তে পদার্পণ করলেন।
১৯৪৩ সালের এই দিনে বরিশালে তাঁর জন্ম। যদিও তাঁর পৈতৃক নিবাস নোয়াখালীতে। বেড়ে উঠেছেন ঢাকায়। এমন এক পরিবারের সন্তান তিনিÑযে পরিবারের সদস্যদের এদেশের শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতিতে তাৎপর্যপূর্ণ অবদান রয়েছে; দেশমাতৃকার জন্য জীবনও উৎসর্গ করেছেন এই পরিবারের এক সদস্যÑমুনীর চৌধুরী। ফেরদৌসী মজুমদারের মেজ ভাই। বড় ভাই শিক্ষাবিদ, লেখক এবং অনুবাদক কবীর চৌধুরী। স্বামী রামেন্দু মজুমদারের সান্নিধ্যে সংস্কৃতির আলোয় আসেন তিনি।
ফেরদৌসী মজুমদার বাংলা ভাষা ও সাহিত্য এবং আরবি-তে স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষয়িত্রী। টেলিভিশন ও মঞ্চনাটকের দারুণ অভিনেত্রী। চলচ্চিত্রেও কাজ করেছেন। মঞ্চনাটকের নির্দেশকও। একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত।

মুনীর চৌধুরীর উৎসাহ আর সহযোগিতায় মঞ্চনাটকে আসেন ফেরদৌসী মজুমদার। তাঁর অভিনীত প্রথম মঞ্চনাটক ‘ডাক্তার আবদুল্লাহর কারখানা’। পরে ভাইয়ের লেখা ‘একতলা দোতলা’ দিয়েই টেলিভিশন নাটকে অভিষেক তাঁর। এটি শুধু ফেরদৌসী মজুমদারেরই নয়, এদেশের টিভিরও প্রথম নাটক।
ফেরদৌসী মজুমদার অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক হচ্ছে : বরফ গলা নদী, জীবিত ও মৃত, বাঁচা, হৈমন্তী, যোগাযোগ, চোখের বালি, শঙ্খনীল কারাগার ইত্যাদি। তিনি ‘যোগাযোগ’-এ কুমু, ‘হৈমন্তী’তে হৈমন্তী এবং ‘চোখের বালি’তে বিনোদিনী চরিত্রে অভিনয় করেন। এছাড়া ‘শঙ্খনীল কারাগার’-এ রাবেয়ার চরিত্রে অভিনয় করেছেন। তবে টিভি-তে তাঁর সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে ‘সংশপ্তক’। এই ধারাবাহিকে তিনি হুরমতি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন।
ফেরদৌসী মজুমদারের উল্লেখযোগ্য মঞ্চনাটক হচ্ছে : পায়ের আওয়াজ পাওয়া যায়, এখনো দুঃসময়, এখনো ক্রীতদাস, কোকিলারা (একক অভিনয়)।
ফেরদৌসী মজুমদার অভিনীত চলচ্চিত্রসমূহ হচ্ছে : মায়ের অধিকার (১৯৯৬), মেঘলা আকাশ (২০০১), দরিয়া পাড়ের দৌলতি (২০০৯) আগুন্তক (২০২৩)। এছাড়া তিনি ‘সারেং বউ’ এবং সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণে ছবি দুটিতে অভিনয় করা সম্ভব হয় নি। আরেকটি কথা, ফেরদৌসী মজুমদারকে নিয়ে প্রয়াত আবদুল্লাহ আল মামুন নির্মাণ করেছেন ৮৬ মিনিটের একটি প্রামাণ্যচিত্র, নাম ‘জীবন ও অভিনয়’।
ফেরদৌসী মজুমদার একজন লেখকও। তাঁর লেখা বইসমূহ হচ্ছে : মনে পড়ে, খুঁজে পেতে, যা ইচ্ছা তাই, চিঠি, অভিনয়জীবন আমার, যাহা বলিব সত্য বলিব, জাস্ট দ্য আদার ডে। উল্লেখ্য, আজ ফেরদৌসী মজুমদারের একমাত্র সন্তান ত্রপা মজুমদারেরও জন্মদিন। ত্রপা ৫৪-তে পা রাখলেন।
ফেরদৌসী মজুমদার ও ত্রপা মজুমদার, দুই প্রিয় অভিনেত্রী, আপনাদের জানাই ‘অন্যদিন’ পরিবারের অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কল্যাণ হোক।
Leave a Reply
Your identity will not be published.