১৫ বছর ধরে টেলিভিশন পর্দায় শিশু-কিশোরদের বিনোদন দিয়ে আসছে জনপ্রিয় গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা একই নামের এই সিরিজে নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন আফজাল হোসেন।

দীর্ঘ এই পথচলার ১৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব’। গতকাল ২৮ ও আজ ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ের আলোকি মিলনায়তনে বসেছে এই উৎসব। শিশু-কিশোরদের জন্য নানা শিক্ষামূলক ও বিনোদনমূলক আয়োজনের পাশাপাশি বড়দের জন্যও রয়েছে আড্ডা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজক প্রতিষ্ঠান মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন জানিয়েছেন, শিশুদের কেন্দ্র করে এ ধরনের আয়োজন এবারই প্রথম করছে তারা।
দুই দিনের উৎসবে শিশু-কিশোরদের জন্য রয়েছে নাটক, গান ও বিভিন্ন শিক্ষামূলক আয়োজন। পাশাপাশি সেমিনার, ‘ছোটকাকু’ সিরিজের শিল্পীদের অংশগ্রহণে বিশেষ ক্যাফে আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজনও থাকছে।

আফজাল হোসেন জানিয়েছেন, ছোটবেলায় সাহিত্য ও রূপকথার চর্চা মানুষের মধ্যে কৌতূহল ও কল্পনাশক্তি তৈরি করত। এখন সেই চর্চার সুযোগ কমে গেছে। শিশু-কিশোরদের সামনে কী উপস্থাপন করা হচ্ছে, সেটিও গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন বলে মনে করেন তিনি। জানিয়েছেন, ছোটদের জন্য কিছু করার দায় থেকেই এই চরিত্রের সঙ্গে যুক্ত হওয়া। আফজাল হোসেন বলেন, ‘ছোটকাকু’তে অভিনয়ের সময় তাঁর অভিনয়জীবনের ৪০ বছর পূর্ণ হয়েছে। অভিনয় তাঁকে আর তেমন আকর্ষণ করছিল না। কিন্তু ছোটদের জন্য কিছু করার তাগিদ থেকেই এই সিরিজের সঙ্গে যুক্ত হন। ১৫ বছর ধরে কাজটি চালিয়ে যাওয়ার পেছনে সেই দায়বোধই কাজ করেছে।
‘ছোটকাকু’ চরিত্রের স্রষ্টা ফরিদুর রেজা সাগরের ভাষ্য, আফজাল হোসেন ‘ছোটকাকু’ চরিত্রের সঙ্গে এতটাই মিশে গেছেন যে অনেকেই তাকে সরাসরি ‘ছোটকাকু’ নামে ডাকেন। সেই জনপ্রিয় চরিত্রকে ঘিরেই এবার দুই দিনের এই উৎসবের আয়োজন করা হয়েছে।
এদিকে উৎসব উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ একটি গান। আজ এবং আগামীকালের আলোকির এ আয়োজনে গানটি সরাসরি পরিবেশন করা হয়েছে এবং হবে।
আয়োজকেরা জানিয়েছেন, শিশু-কিশোরদের কথা বিবেচনায় রেখে উৎসবটি সবার জন্য উন্মুক্ত রয়েছে।
Leave a Reply
Your identity will not be published.