আসছে উদয় রহমানের ‘সুর ও অন্যান্য গল্প’

আসছে উদয় রহমানের ‘সুর ও অন্যান্য গল্প’

প্রতিভাবান তরুণ গল্পকার উদয় রহমানের প্রথম গল্পগ্রন্থ শিগগিরই প্রকাশিত হচ্ছে ‘অন্যপ্রকাশ’ থেকে। উদয় রহমান সেই গল্পকার, যার ‘সুর’ গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, হাজার হাজার পাঠক গল্পটি পড়েছেন, লাইক-কমেন্ট-শেয়ার করেছেন। পরে একাধিক  শীর্ষ দৈনিকে ‘সুর’সহ উদয়ের বেশ কয়েকটি গল্প প্রকাশিত হয়েছে। বহুল আলোচিত ‘সুর’ গল্পসহ বারোটি গল্প নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে উদয় রহমানের প্রথম গ্রন্থ ‘সুর ও অন্যান্য গল্প’। গ্রন্থভুক্ত বেশির ভাগ গল্পই ইতিপূর্বে কোথাও প্রকাশিত হয় নি। 


‘সুর ও অন্যান্য গল্প’ বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। মূল্য ৫০০ টাকা। বইটির প্রি-অর্ডার চলছে। ৩০% ছাড়ে অর্ডার করলেই পাওয়া যাবে বিশেষ উপহার।


উদয় রহমান পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জন্ম বরিশাল শহরে। বেড়ে উঠেছেন ঢাকায়। বসবাস করছেন জার্মানীতে। তিনি মূলত গীতিকার। কণ্ঠশিল্পীও। স্কুলজীবন থেকেই লেখালেখি করছেন।


‘সুর ও অন্যান্য গল্প’ গ্রন্থের প্রতিটি গল্পের নাম এক শব্দের। যেমন, ‘ঘুম’, ‘কেক’, ‘গণক’ ‘বলি’ ইত্যাদি। গল্পের নামগুলো গল্পের বীজ। অন্য কথায়, নামের মধ্যেই গল্পের থিমটি লুকিয়ে রয়েছে। বলাই বাহুল্য, গল্পের শরীরের মতোই গল্পের নামেও উদয় রহমানের পরিমিতিবোধ ফুটে উঠেছে। কেননা তিনি জানেন, শব্দই ব্রহ্ম। অন্যদিকে অধিকাংশ গল্পই উত্তম পুরুষে রচিত। আর আঙ্গিকে রয়েছে কথকের ভঙ্গি।


‘সুর’ গল্পে সুর বিষয়টি প্রতীকী ব্যঞ্জনায় উদ্ভাসিত। এখানে শুভ-অশুভের দ্বন্দ্ব, আধ্যাত্মিকতা, যুদ্ধ, অস্থিরতাসহ নানা কিছু মূর্ত হয়ে উঠেছে। এমনকি প্রেম ও রহস্যও। আসলে রহস্যময়তা কম-বেশি সব গল্পেই বিদ্যমান। আর যেহেতু উদয় রহমান ব্যক্তিগত জীবনেও সুরের মানুষ, সেহেতু শুধু ‘সুর’ গল্পে নয়, অন্য গল্পেও (যেমন, ‘কাঁটা’,  ‘অতিথিশালা’) সুরের তাৎপর্যপূর্ণ উপস্থিতি রয়েছে।... ১২টি গল্প নানা ধরনের, নানা স্বাদের। এখানে জমিদারি আমল থেকে আধুনিক সময়, করপোরেট দুনিয়া থেকে অন্যভুবনের অস্তিত্ব টের পাবেন পাঠকেরা। এমনকি সমান্তরাল জীবনও। শুধু বিস্ময়ে অভিভূত হওয়া নয়, অন্য ধরনের অনুভূতিও সঞ্চারিত হবে পাঠক হৃদয়ে। ভিন্ন এক বোধ খেলা করবে তাদের চেতনায়, যা তারা এড়াতে পারবেন না। মন্ত্রমুগ্ধ হবেন উদয় রহমানের গল্পের জাদুতে।

Leave a Reply

Your identity will not be published.