বিজ্ঞান ও সাহিত্য, এই দুই ভুবনেই বিচরণ করেছেন তিনি। স্বচ্ছন্দে, অনায়াসে। একদিকে প্রাণরসায়ন ও পুষ্টিবিজ্ঞানে উচ্চশিক্ষা নিয়ে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠানে, অন্যদিকে বাংলা সাহিত্যে তুলে ধরেছেন নারী, প্রান্তিক মানুষ ও সমাজের নানা অসংগতির কথা। সেই বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু চলে গেছেন অন্য ভুবনে, আজ শনিবার (১৪ নভেম্বর), যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
জানা কাছে দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে আক্রান্ত ছিলেন তিনি। এর আগে স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। এ থেকেই তার নানা শারীরিক সমস্যার সূচনা হয়েছিল।
১৯৬৭ সালে কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূরবী বসু। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
উলে¬খ্য, ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্ম পূরবী বসুর। ঢাবির ফার্মেসিতে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করেন। তাঁর কর্মজীবনের বড় একটি অংশ কেটেছে বিজ্ঞান গবেষণা ও স্বাস্থ্য খাতে। যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টার এবং কর্নেল ইউনিভার্সিটিতে কাজ করেছেন। পরে দেশে ফিরে একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উচ্চপদে যোগ দেন। ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
বাংলা সাহিত্যে ছিল পূরবী বসুর স্বতন্ত্র অবস্থান। কথাসাহিত্য, প্রবন্ধ ও কবিতায় নারীজীবনের নানা সংকট, নারীবাদী চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের প্রান্তিক মানুষের অভিজ্ঞতা উঠে এসেছে তাঁর লেখায়। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টির অধিক। উলে¬খযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।
সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৫ সালে ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ পান পূরবী বসু। ২০১৩ সালে অর্জন করেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’।
‘অন্যদিন’ ও ‘অন্যপ্রকাশ পরিবারের একজন ছিলেন পূরবী বসু। ‘অন্যদিন’-এর সাধারণ ও ঈদসংখ্যায় প্রকাশিত হয়েছে তাঁর নানা প্রবন্ধ-নিবন্ধ ও গল্প। ‘অন্যপ্রকাশ’ থেকে বের হয়েছে বেশ কয়েকটি গ্রন্থ। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে—‘শামসুদ্দীন আবুল কালাম : তাঁর অপ্রকাশিত চিঠি ও স্মৃতি’, ‘ছোটদের বেগম রোকেয়া’, ‘নিউইয়র্কে হুমায়ূন আহমেদের চিকিৎসা ও অন্যান্য প্রসঙ্গ’, ‘রোকেয়া ও রবীন্দ্রনাথ কাছে থেকে দূরে’, ‘বাংলার নারীবান্ধব পুরুষ’, ‘সভ্যতা নির্মাণে নারী’ ‘কিংবদন্তির খনা ও খনার বচন’ ইত্যাদি।
পূরবী বসু বেঁচে থাকবেন তাঁর সৃষ্টির মাঝে। আর আমাদের কাছে, ‘অন্যদিন’ ও ‘অন্যপ্রকাশ’ পরিবারের একজন হিসেবে, ‘নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে’।
Leave a Reply
Your identity will not be published.