বিগত বছরের মতো এবারও হতে যাচ্ছে হাজারও কণ্ঠে বর্ষবরণ। চ্যানেল আই এবং সুরের ধারার যৌথ আয়োজনে আগামী ১৪ এপ্রিল, ১ বৈশাখ, ভোর ০৫:৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত বাংলা গানের সুর-সংগীতের মূর্চ্ছনায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বরণ করা হবে বাংলা নতুন বছর ১৪৩৩। সুরের ধারার শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই আয়োজন। এছাড়াও দেশের খ্যাতিমান শিল্পী রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায়, কোনাল, লুইপাসহ তরুণ প্রজন্মের একঝাঁক শিল্পী সংগীত পরিবেশন করবেন। উপস্থাপনা করবেন দীপ্তি চৌধুরী। আবৃত্তিতে থাকবেন জয়ন্ত চট্টোপাধ্যায়। এছাড়াও একই স্থানে, রবীন্দ্র সরোবরে, ১৩ এপ্রিল বিকাল ০৫:৩০ মিনিট থেকে চৈত্র সংক্রান্তির আয়োজনে থাকবে শিল্পী বুলবুল ইসলাম, চন্দনা মজুমদার, বিজন চন্দ্র মিস্ত্রী, প্রিয়াংকা গোপ, স্বাতী সরকারের পরিবেশনা। আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া। নৃত্য পরিবেশনায় থাকবেন ওয়ার্দা রিহাব ও প্রেমা। উপস্থাপনা করবেন সামান্তা ইসলাম ও সানজিদা।
বলা যায়, নতুন বছরকে বরণ করতে থাকছে নানা আয়োজন। থাকবে বৈশাখী মেলা। নানান তৈজষপত্রের পসরা। নাগরদোলাসহ বাঙালির ঐতিহ্যবাহী মাটির তৈরি খেলনা ও বিভিন্ন জিনিসপত্র। উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুনসহ শিল্প-সাহিত্য জগতের তারকারা। সমাপনী বক্তব্য দিবেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। পৃষ্ঠপোষকতায় দেশীয় কোমল পানীয় মোজো।
Leave a Reply
Your identity will not be published.